আজকাল ওয়েবডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার আগেই নীতীশ কুমারের জিনিসপত্র তাঁর সরকারি বাসভবন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। জেডি(ইউ)-এর শীর্ষনেতা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণের ঠিক একদিন পরেই এই খবর সামনে এল। সূত্রের খবর, নীতীশ কুমারের জিনিসপত্র পাটনার '১ অ্যানে মার্গ'-এ অবস্থিত মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন থেকে সরিয়ে শহরের '৭ সার্কুলার রোড'-এ অবস্থিত অন্য একটি সরকারি বাংলোতে নিয়ে যাওয়া হচ্ছে।

তবে, মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পরেই নীতীশ '১ অ্যানে মার্গ'-এর বাসভবনটি পুরোপুরি খালি করবেন বলে মনে করা হচ্ছে। সূজানা গিয়েছে, '৭ সার্কুলার রোড'-এর বাড়িটি তাঁর আগমনের জন্য ইতিমধ্যেই প্রস্তুত করে রাখা হয়েছে। অতীতেও একাধিকবার এই ঠিকানায় নীতীশ কুমার বসবাস করেছেন। যেমন, ২০১৪ সালে যখন জিতেন রাম মাজি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখন তিনি এই বাড়িতেই থাকতেন।

এ ছাড়াও, মাজির মুখ্যমন্ত্রিত্বের মেয়াদে যখনই মুখ্যমন্ত্রীর সরকারি বাংলোতে কোনও সংস্কার বা মেরামতের কাজ চলত, তখনই তিনি সাময়িকভাবে '৭ সার্কুলার রোড'-এর বাড়িতে গিয়ে থাকতেন।

একটি যুগের অবসান
শুক্রবার, ১০ এপ্রিল, নীতীশ কুমার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তটি একটি যুগের অবসান হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ ৭৫ বছর বয়সী এই নেতার ঝুলিতে রয়েছে রাজ্যের দীর্ঘতম সময় ধরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের অনন্য কৃতিত্ব। জানা গিয়েছে, নীতীশ কুমার ১৪ এপ্রিল মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে পদত্যাগ করতে পারেন।

ওই দিনই জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-এর বিধায়করা নীতীশের উত্তরসূরি নির্বাচন করতে পারেন। ১৫ এপ্রিল শপথ নেবেন বিহারের নয়া মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রী হবেন বিজেপি থেকে। এক্ষেত্রে পাল্লা ভারী বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরির।