আজকাল ওয়েবডেস্ক: ভারতে সংক্রামক রোগের তালিকায় বারবার উঠে আসছে দুই আতঙ্কের নাম— নিপা ভাইরাস ও বার্ড ফ্লু । একদিকে নিপার উচ্চ মৃত্যুহার, অন্যদিকে বার্ড ফ্লুর দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা—এই দুই মিলিয়ে জনস্বাস্থ্যের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মানুষের জন্য কোনটি বেশি প্রাণঘাতী?
নিপা ভাইরাস: কম সংক্রমণ, কিন্তু মারাত্মক মৃত্যু ঝুঁকি
নিপা ভাইরাস মূলত ফলখেকো বাদুড় থেকে মানুষের মধ্যে ছড়ায়। সংক্রমিত শূকর বা দূষিত ফল থেকেও এটি ছড়াতে পারে। কেরলসহ ভারতের দক্ষিণাঞ্চলে গত কয়েক বছরে একাধিকবার নিপার প্রাদুর্ভাব দেখা গেছে।
এই ভাইরাসের সবচেয়ে ভয়ের দিক হল এর মৃত্যুহার অত্যন্ত বেশি। চিকিৎসকদের মতে, নিপাহে আক্রান্তদের মধ্যে ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত মৃত্যুর সম্ভাবনা থাকে। আক্রান্ত হলে প্রথমে জ্বর, মাথাব্যথা, বমি, শ্বাসকষ্ট দেখা দেয়। পরে এটি সরাসরি মস্তিষ্কে আঘাত করে এনসেফালাইটিস বা ব্রেন ইনফেকশন ঘটাতে পারে। অনেক ক্ষেত্রেই রোগী কয়েক দিনের মধ্যেই কোমায় চলে যায়।
এখনও পর্যন্ত নিপার কোনও নির্দিষ্ট ওষুধ বা টিকা নেই। ফলে চিকিৎসা বলতে মূলত সহায়ক ব্যবস্থা—আইসোলেশন ও নিবিড় পরিচর্যা।
বার্ড ফ্লু: দ্রুত সংক্রমণ, কিন্তু তুলনামূলক কম মৃত্যু
অন্যদিকে বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা মূলত পোলট্রি ও বন্য পাখিদের মধ্যে ছড়ায়। সংক্রমিত পাখির সংস্পর্শে এলে বা কাঁচা মাংস ব্যবহারের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে।
বার্ড ফ্লুর উপসর্গ অনেকটাই সাধারণ ফ্লুর মতো—জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট। কিছু ক্ষেত্রে নিউমোনিয়া বা ফুসফুসের মারাত্মক সংক্রমণ হতে পারে। তবে নিপার তুলনায় বার্ড ফ্লুর মৃত্যুহার অনেক কম, সাধারণত ৫–২০ শতাংশের মধ্যে।
বার্ড ফ্লুর ক্ষেত্রে কিছু অ্যান্টিভাইরাল ওষুধ কার্যকর, এবং দ্রুত চিকিৎসা শুরু করলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি।
তাহলে কোনটি বেশি বিপজ্জনক?
বিশেষজ্ঞদের মতে, মৃত্যুহারের দিক থেকে নিপা বেশি প্রাণঘাতী, কিন্তু সংক্রমণের বিস্তারের দিক থেকে বার্ড ফ্লু বেশি ঝুঁকিপূর্ণ। নিপা খুব দ্রুত মানুষকে মারাত্মক অবস্থায় নিয়ে যায়, কিন্তু সহজে বড় সংখ্যায় ছড়ায় না। বার্ড ফ্লু তুলনামূলক কম মারাত্মক হলেও দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি, যা বড় আকারের প্রাদুর্ভাব তৈরি করতে পারে।
কীভাবে সতর্ক থাকবেন?
বাদুড় বা অসুস্থ পশুপাখির সংস্পর্শ এড়িয়ে চলুন
কাঁচা বা আধা-সিদ্ধ মাংস খাবেন না
হাত ধোয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন
জ্বর বা শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন
নিপা হোক বা বার্ড ফ্লু—দুটিই হালকাভাবে নেওয়ার মতো নয়। সচেতনতা ও দ্রুত চিকিৎসাই পারে প্রাণ বাঁচাতে। তাই আগে থেকেই সতর্ক থাকবেন। তাহলে এই দুই প্রাণঘাতী ভাইরাসের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন।
