আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে চপ কিনতে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই বাসস্ট্যান্ড থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক নববধূ। ঘটনাটি ঘটেছে মোরাদাবাদ জেলায়, যা নিয়ে এখন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রীতম সিং নামে আমরোহা জেলার এক যুবক গত বছর ১ ডিসেম্বর রিমঝিম (১৮) নামে রামপুর জেলার এক তরুণীকে বিয়ে করেন।
সম্প্রতি হোলি উপলক্ষে রিমঝিম তার বাপের বাড়িতে গিয়েছিলেন। উৎসব শেষ হওয়ার পর ৯ মার্চ প্রীতম সিং তাকে বাড়ি ফিরিয়ে আনতে সেখানে যান। দুজন একসঙ্গে বাড়ি ফিরছিলেন এবং মাঝপথে বাস বদল করার জন্য তারা বিলারি বাস স্টপে নামেন। সেখানে অপেক্ষা করার সময় রিমঝিম স্বামীকে জানান যে তিনি ক্ষুধার্ত এবং কাছের একটি দোকান থেকে গরম গরম চপ এনে দিতে বলেন। প্রীতম কয়েক মিনিটের জন্য পাশের দোকানে চপ কিনতে যান।
&t=1sকিন্তু তিনি ফিরে এসে দেখেন, তাঁর স্ত্রী আর সেখানে নেই। প্রথমে তিনি ভাবেন হয়তো আশেপাশেই কোথাও গেছেন। এরপর বাসস্ট্যান্ডের চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন এবং উপস্থিত লোকজনকে জিজ্ঞেস করেন। কিন্তু কেউই রিমঝিমকে কোথাও যেতে দেখেনি বলে জানায়।
স্ত্রীর হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে প্রীতম সিং পুলিশে যান এবং একটি নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগে তিনি জানান, তাঁর সন্দেহ যে রিমঝিম হয়তো তার গ্রামেরই এক যুবকের সঙ্গে পালিয়ে গেছেন।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। বাসস্ট্যান্ডের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং রিমঝিমের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ওই কয়েক মিনিটের মধ্যেই কীভাবে তরুণীটি উধাও হয়ে গেলেন তা জানতে তদন্ত চলছে এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
