আজকাল ওয়েবডেস্ক: ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে গিয়েছিল। তার জেরে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারাতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বিয়ে সেরে বাড়ি ফেরার সময় নব দম্পতি সহ সাত জনের মৃত্যু হল উত্তরপ্রদেশের বিজনৌরে।
ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে। বেপরোয়া গতিতে আসছিল গাড়িটি। ঘন কুয়াশার জেরে সামনে থাকা টেম্পোকে দেখতে পাননি গাড়ি চালক। সজোরে ধাক্কা দেন। ঘটনাস্থলেই মারা যান সাত জন।
শুক্রবার সন্ধেয় ঝাড়খণ্ডে বিয়ের পর স্ত্রীকে নিয়ে বিজনৌরের ধামপুড়ে নিজের বাড়িতে ফিরছিলেন স্বামী। শনিবার ভোররাতে ৭৪ নম্বর জাতীয় সড়কে চার চাকা গাড়িটি ধাক্কা মারে টেম্পোকে। জোর ধাক্কার অভিঘাতে টেম্পো ও গাড়ি দুটিই খাদে পড়ে যায়।
জানা গেছে গাড়িটিতে ১১ জন যাত্রী ছিলেন। তার মধ্যে মারা যান নবদম্পতি ও পরিবারের চার জন সদস্য। দু’জন আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়াই দুর্ঘটনার কারণ। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। প্রশাসনকে দ্রুত উদ্ধারকাজের নির্দেশ দিয়েছেন তিনি।
















