আজকাল ওয়েবডেস্ক: নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষোভ এবার চরম হিংসাত্মক রূপ নিল বিহারে। বৃহস্পতিবার বিহারের জেহানাবাদ জেলায় শিক্ষার্থীদের একটি প্রতিবাদ মিছিল আচমকাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মুহূর্তের মধ্যে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক হয়ে ওঠে যে, উত্তেজিত জনতা জেলাশাসকের (DM) সরকারি বাসভবনে চড়াও হয়ে বেপরোয়া পাথরবৃষ্টি শুরু করে। নিরাপত্তার স্বার্থে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিসকে বাধ্য হয়ে কয়েক রাউন্ড শূন্যে গুলি চালাতে হয়।

ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার সকালে। নিট পরীক্ষায় একের পর এক অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ক্ষুব্ধ হাজার হাজার শিক্ষার্থী এবং একাধিক যুব সংগঠনের প্রতিনিধিরা রাজপথে নামেন। আন্দোলনকারীদের মূল দাবি ছিল— অনিয়মের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং পুরো ঘটনার নিরপেক্ষ সিবিআই বা উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত সুনিশ্চিত করতে হবে।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে যখন জেলাশাসকের সরকারি বাসভবনের সামনে পৌঁছায়, তখন উত্তেজনা চরমে ওঠে। বাসভবনের বাইরে মোতায়েন থাকা পুলিসকর্মীরা তাঁদের থামানোর চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত বিক্ষোভকারীরা ডিএম আবাস লক্ষ্য করে মুড়ি-মুড়কির মতো ইট-পাথর ছোড়া শুরু করে। পাথরবৃষ্টির ফলে বাসভবন চত্বরে থাকা একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন পুলিসকর্মী আহত হন।

জেলাশাসকের আবাসে হামলা চলার সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত নিরাপত্তাকর্মী ও পুলিস চরম বিপাকে পড়ে। জনতাকে সামলাতে ও প্রাণরক্ষার্থে পুলিস লাঠিচার্জ করার পাশাপাশি শূন্যে একাধিক রাউন্ড গুলি চালায়। গুলির বিকট শব্দে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে এদিক-ওদিক পালাতে শুরু করেন।

ঘটনার গাম্ভীর্য বুঝে করে খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ (RAF) নিয়ে ঘটনাস্থলে পৌঁছান জেহানাবাদের পুলিশ  সুপার (SP)। তিনি নিজে উপস্থিত থেকে পুরো এলাকার নিরাপত্তা তদারকি করেন। বর্তমানে জেহানাবাদ শহরের স্পর্শকাতর পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ  বল মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

দেশজুড়ে নিট পরীক্ষা ঘিরে ক্ষোভের যে আগুন জ্বলছে, জেহানাবাদের এই ঘটনা তারই এক চরম বহির্প্রকাশ। বিহারের পটনা, কাটিহার, বেগুসরাই সহ একাধিক জেলায় বিগত কিছুদিন ধরেই পরীক্ষা বাতিল ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্রবিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

জেহানাবাদ পুলিস প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, সরকারি সম্পত্তিতে ভাঙচুর ও আইনি শৃঙ্খলা বিঘ্নিত করার ঘটনাকে কোনোভাবেই রেয়াত করা হবে না। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও ভিডিও পরীক্ষা করে হিংসায় জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে এবং ইতোমধ্যেই বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও গোটা শহর জুড়েই এখন থমথমে চাপা উত্তেজনা বিরাজ করছে।