আজকাল ওয়েবডেস্ক: নিট-ইউজি (NEET-UG) সহ দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক ও সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়ম সংক্রান্ত মামলাগুলোর দ্রত নিষ্পত্তির লক্ষ্যে বড় পদক্ষেপ নেওয়া হল রাজধানীতে। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে একটি বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হয়েছে। মূলত ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিন্স) অ্যাক্ট, ২০২৪’ এবং এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য আইনের অধীনে দায়ের হওয়া সমস্ত মামলার বিচার প্রক্রিয়া এই নির্দিষ্ট আদালতে পরিচালিত হবে।
দিল্লি হাই কোর্টের নির্দেশনায় এই নতুন ফাস্ট ট্র্যাক আদালতের বিশেষ বিচারক (Special Judge) হিসেবে নিয়োগ করা হয়েছে বিচারক অনু গ্রোভার বালিগাকে। তিনি এতদিন তিস হাজারি আদালতের মেডিয়েশন সেন্টারের ইন-চার্জ হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। সেখান থেকেই তাঁকে বদলি করে রাউস অ্যাভিনিউ কোর্টের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে।
ঘটনাচক্রে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে, পরীক্ষার প্রশ্নফাঁস এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা অপরাধীদের কঠোর ও দ্রুত শাস্তি সুনিশ্চিত করতে দেশজুড়ে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করা হবে। প্রধানমন্ত্রীর সেই ঘোষণার পরপরই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে এই ফাস্ট ট্র্যাক আদালত গঠনের পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অভিজ্ঞ মহল।
এই পদক্ষেপের ফলে প্রশ্নফাঁস চক্রে যুক্ত প্রভাবশালী ও জালিয়াতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা সম্ভব হবে এবং আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এড়ানো যাবে বলে আশা করা হচ্ছে।
















