আজকাল ওয়েবডেস্ক: শাড়ির জন্য আবদার। পছন্দের শাড়ি না পাওয়ায় শেষমেশ ভয়ঙ্কর হত্যাকাণ্ড! শাড়ি কেনাকে কেন্দ্র করেই স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝামেলা। সেই বাকবিতণ্ডার নির্মম পরিণতি। স্বামীকে নৃশংসভাবে খুন করলেন স্ত্রী।
বুধবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ের থানেতে। পুলিশ জানিয়েছে, শাড়ি কিনে দেওয়ার জন্য আবদার করেছিলেন স্ত্রী। সেই দাবি পূরণ না হওয়ায় স্বামীকে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে পিটিয়ে, শ্বাসরোধ করে খুন করেন স্ত্রী। ৩৩ বছরের ঘাতক স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্তের নাম, সুনিতাদেবী হরিরাম সিং। তিনি আদতে বিহারের বাসিন্দা ছিলেন। পুলিশকে প্রথমে তিনি জানিয়েছিলেন, দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়েছে। পুলিশ আধিকারিক জানিয়েছেন, খুনের ঘটনাটি ঘটেছে ১৯ জুলাই। সেদিন বাদলাপুরে বাড়িতেই ছিলেন ৩৫ বছরের হরিরাম কিসুনজি সিং। হঠাৎ স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। শাড়ি কিনে দেওয়ার জন্য আবদার করেছিলেন স্ত্রী। পছন্দের শাড়ি কিনে না দেওয়ার জন্যেই স্বামীর ওপর রাগ উপরে দেন।
এই অশান্তির জেরেই চরম পরিণতি হয় স্বামীর। রাগের মাথায় স্বামীর মাথায় প্রেসার কুকার দিয়ে সজোরে আঘাত করেন। এরপর স্বামীকে শ্বাসরোধ করে খুন করেন। যুবকের দেহ ময়নাতদন্তের পরেই পুলিশের সন্দেহ দানা বাঁধে। রিপোর্টে জানা যায়, যুবকের মাথায় চোপ ছিল। শ্বাসরোধের জেরে মৃত্যু হয়েছে তাঁর।
এরপরই স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে পুলিশ। দীর্ঘ জেরার পর খুনের ঘটনাটি স্বীকার করে নেন সুনিতাদেবী। এমনকী খুনের নেপথ্যের কারণটিও জানিয়ে দেন। গতকাল, মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন ওই গৃহবধূ।
















