আজকাল ওয়েবডেস্ক: তেলেঙ্গানা দুর্নীতি দমন শাখা বা এসিবি (ACB)-এর তল্লাশিতে এক সরকারি আধিকারিকের গোপন ডেরা থেকে ফের উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা ও গয়না। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির একটি মামলায় দ্বিতীয় দফার তল্লাশি চালাতে গিয়ে চোখ কপালে উঠেছে তদন্তকারী আধিকারিকদের।

এসিবি সূত্রে জানানো হয়েছে, হায়দরাবাদের শালিবান্ডা এলাকায় কানাড়া ব্যাঙ্কের একটি শাখায় দুটি লকার থেকে প্রায় দেড় কোটি টাকা নগদ, ১২টি সোনার বিস্কুট এবং প্রায় দুই কেজি ওজনের সোনা ও হিরের বহুমূল্য গয়না উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া প্রতিটি সোনার বিস্কুটের ওজন ১০০ গ্রাম। এই লকার দুটি অভিযুক্ত সরকারি আধিকারিকের স্ত্রীর নামে ছিল।

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় থাকা ওই অফিসারের নাম সুনকারি নরহরি রাও। তিনি সার্ভে অ্যান্ড ল্যান্ড রেকর্ডস-এর (মাল্টি জোন-২) ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত। এর আগে গত ১৬ জুন প্রথমবার তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন শাখা। সেই সময় তাঁর কাছ থেকে প্রায় ১৩ কোটি ৫ লক্ষ টাকার সম্পত্তির হদিস পেয়েছিলেন তদন্তকারীরা। এরপর আদালতের কাছ থেকে বিশেষ সার্চ ওয়ারেন্ট জোগাড় করে দ্বিতীয় দফায় তাঁর স্ত্রীর ব্যাঙ্কের লকারগুলি খোলা হয়, আর তাতেই ফের এই বিপুল পরিমাণ লুকোনো সম্পদের হদিস মেলে। বর্তমানে অভিযুক্ত নরহরি রাও বিচার বিভাগীয় হেফাজতে বা জেল হেফাজতে রয়েছেন। এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কী এবং এর পিছনে আরও বড় কোনও চক্র কাজ করছে কিনা, তা জানতে জোরকদমে তদন্ত চালিয়ে যাচ্ছে এসিবি।