আজকাল ওয়েবডেস্ক: সিকিমের নামচি জেলার ঝোলুঙ্গে এলাকায় এনএইচপিসি-র তিস্তা স্টেজ-VI জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সামারদুং টানেলে সন্দেহভাজন গ্যাস লিকের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত।

ভোর ৪.৪০ নাগাদ প্রকাশিত সরকারি আপডেটে এই তথ্য জানানো হয়েছে। ঘটনার পর থেকেই সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় রাতভর অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও একটানা উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত সাত শ্রমিকের দেহ ময়নাতদন্ত এবং অন্যান্য আইনি প্রক্রিয়ার জন্য সিংতাম জেলা হাসপাতাল, এসটিএনএম (STNM) হাসপাতাল, গ্যাংটক এবং নামচি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধার অভিযানে যৌথভাবে অংশ নিয়েছে নামচি জেলা প্রশাসন, এনএইচপিসি, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF), ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF), সিকিম পুলিশ, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস, স্বাস্থ্য দপ্তর-সহ একাধিক সংশ্লিষ্ট সংস্থা।

প্রশাসন জানিয়েছে, গোটা পরিস্থিতির উপর ২৪ ঘণ্টা নজর রাখছে সিকিম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (SSDMA)। জানানো হয়েছে, সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া প্রত্যেক শ্রমিকের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।

অভিযানের অগ্রগতি সম্পর্কে পরবর্তী সরকারি আপডেট যথাসময়ে প্রকাশ করা হবে। এদিকে, টানেলের ভিতরে কী কারণে এই সন্দেহভাজন গ্যাস লিকের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।