আজকাল ওয়েবডেস্ক: তুর্কমান গেটের ফৈজ-ই-এলাহি মসজিদের কাছে উচ্ছেদ অভিযান ঘিরে রীতিমত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এলাকা। বুধবারের সেই পাথর বৃষ্টির ঘটনায় জড়িত সন্দেহে ৩০ জনকে চিহ্নিত করল দিল্লি পুলিশ।
বৃহস্পতিবার অভিযুক্তদের ছবি প্রকাশ করেছে লালবাজার। বুধবার ওই এলাকায় জবরদখল হটাতে গিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়। উন্মত্ত জনতার পাথরের ঘায়ে জখম হন অন্তত পাঁচ পুলিশকর্মী। সিসিটিভি ফুটেজ এবং ভিডিও খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। পুলিশের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, এলাকায় বেশ কিছু মুখঢাকা যুবক তাণ্ডব চালাচ্ছে। অভিযুক্তদের ধরতে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে এএনআই।
আদালতের নির্দেশে ওই প্রাচীন মসজিদের চারপাশ থেকে জবরদখল হটাতে মঙ্গলবার গভীর রাতে অভিযানে নামে প্রশাসন। কিন্তু কাজ শুরুর আগেই সেখানে ভিড় জমতে শুরু করে। আচমকাই পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করেন কিছু লোক। পরিস্থিতি সামাল দিতে পালটা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। বুধবারই এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংবিধানের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। জয়েন্ট পুলিশ কমিশনার মধুর বর্মা জানিয়েছেন, পুলিশকর্মীদের বডি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে আরও তথ্য জোগাড় করা হচ্ছে। ডিসিপি নিধিন ভালসানের দাবি, পুলিশ অত্যন্ত ‘সামান্য বলপ্রয়োগ’ করেছে। তবে পাথর ছোড়ার ঘটনায় জড়িতদের ছাড়া হবে না।
মঙ্গলবারই দিল্লি হাইকোর্ট এই উচ্ছেদ নিয়ে পুরনিগমকে নোটিস পাঠিয়েছিল। মসজিদের তরফে উচ্ছেদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হলেও শেষমেশ অভিযান আটকানো যায়নি। ৩২টি বুলডোজার নিয়ে এলাকায় নামে পুরনিগম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৮০০ পুলিশকর্মী এবং ১০ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল।
