আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সকালে দিল্লির পার্শ্ববর্তী শহর নয়ডায় দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে। যা নিয়ে সকাল সকালই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমে সেক্টর ৭৪-এর একটি বহুতল আবাসিক ভবনের ১২ তলায় ভয়াবহ আগুন লাগে। অন্যদিকে, সেক্টর ৫২-এর একটি ভবনের একতলার অফিসেও আগুন লাগার খবর মিলেছে। তবে প্রাথমিক খবর অনুযায়ী, দুটি ঘটনার কোনওটিতেই এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সেক্টর ৭৪: ২৮ তলা আবাসন থেকে গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া
আজ সকাল প্রায় ৮টা নাগাদ নয়ডার সেক্টর ৭৪-এর 'আইভি কাউন্টি সোসাইটি'-র একটি ফ্ল্যাটে আগুন লাগে। বহুতলটি ২৮ তলার। এর মধ্যে ১২ তলার ফ্ল্যাটের বারান্দা থেকে হঠাৎই দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ধীরে ধীরে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে যায় এলাকা। যা রাস্তায় বহু দূর থেকে দেখতে পেয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, অগ্নিকান্ডের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সেক্টর ১১৩ থানার পুলিশ। উপস্থিত হয় দমকলবাহিনীর একাধিক ইঞ্জিনও। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বহুতলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে লিফটের ব্যবহার বন্ধ করে সিঁড়ি দিয়ে বাসিন্দাদের নিচে নামিয়ে আনা হয়। সুরক্ষার খাতিরে পুরো আবাসনটি খালি করার পাশাপাশি পাশের ফ্ল্যাটের বাসিন্দাদেরও নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনার খোঁজ নিয়েছেন। একইসঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন। উদ্ধারকাজ দ্রুত শেষ করার পাশাপাশি কেউ জখম হলে তাঁর যথাযথ চিকিৎসার বন্দোবস্ত করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সেক্টর ৫২: হস্টেলের নিচে অফিসে আগুন
সেক্টর ৭৪-এর পাশাপাশি আজ সকালে নয়ডার সেক্টর ৫২-এর গিজোড় এলাকাতেও আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, একটি বহুতল ভবনের একতলার অফিসে এই আগুন লাগে। ওই ভবনটির ওপরের তলাগুলিতে একটি পেয়িং গেস্ট এবং হস্টেল রয়েছে। খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় দমকলবাহিনী। সঙ্গে সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে এ ক্ষেত্রেও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
নয়ডার এই জোড়া অগ্নিকাণ্ড দিল্লির হউজ খাস এলাকার 'ফ্লুরিশ স্টে' হোটেলের মর্মান্তিক স্মৃতিকে উসকে দিয়েছে। গত বুধবার ভোরে দক্ষিণ দিল্লির ওই হোটেলে বিধ্বংসী আগুন লেগেছিল। মৃতদের মধ্যে অনেকেই ছিলেন বিদেশি নাগরিক। তাঁরা মূলত চিকিৎসার কারণেই এসে ম্যাক্স হাসপাতাল সংলগ্ন ওই হোটেলে উঠেছিলেন। ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ গুরুতর জখম হয়েছেন। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নয়ডার এই জোড়া অগ্নিকাণ্ড। আবাসন ও বাণিজ্যিক ভবনগুলির অগ্নি-সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠল প্রশ্ন।















