আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতের অন্যতম জনপ্রিয় একটি ম্যাট্রিমনিয়াল সাইট। এবার তীব্র বিতর্ক তৈরি হল এই ম্যাট্রিমনি সাইটকে কেন্দ্র করে।
একটি ভুয়ো প্রোফাইল তৈরি হয়েছে এই ম্যাট্রিমনিতে। যেখানে এক বিবাহিত মহিলার ছবি প্রোফাইলে ব্যবহার করা হয়েছে। এরপরই আসল মহিলা স্বাতী মুকুন্দ অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, তাঁর নাম ও ছবি ব্যবহার করে যে প্রোফাইল তৈরি করা হয়েছে, তা আদৌ তাঁর নয়। সেটি ভুয়ো প্রোফাইল। কারণ তিনি ও তাঁর স্বামীর ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে বিবাহ হয়নি।


ইনস্টাগ্রামের মাধ্যমে গোটা বিষয়টি তিনি প্রকাশ্যে এনেছেন। বাকিদেরও এই বিষয়ে সতর্ক করেছেন তিনি। কারণ যে কারও সঙ্গে এরকম ঘটতে পারে। তাঁর কথায়, ‘‌এই ধরনের ঘটনায় দাম্পত্যের উপর ক্ষোভ জন্মায়।’‌ প্রসঙ্গত, মিসেস মুকুন্দর ইনস্টাগ্রামে দুই লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। গোটা বিষয়টি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন তিনি। সঙ্গে স্বামীর ছবি জুড়ে বলেছেন, ‘‌যে ছবিটি ব্যবহার কর হয়েছে, সেটি আমার।’‌ এরপরই স্বামীর ছবি পোস্ট করে তিনি বলেছেন, আমার স্বামীকে এই অ্যাপগুলির কোনওটিতেই খুঁজে পাইনি।’‌ 


সবচেয়ে বড় কথা, স্বাতীর ছবি রয়েছে এলিট সাবস্ক্রিপশন বিভাগে। স্বাতী বলছেন, ‘‌এলিট সাবস্ক্রিপশনে এরকম ছবি আসে কী করে?‌ যেখানে এই এলিট বিভাগের সদস্য হতে অনেক টাকা লাগে। প্রতিশ্রুতি দেওয়া হয় সঠিক জীবনসঙ্গী খুঁজে দেওয়ার। তারপরেও এই ভুল হল কী করে?‌’‌ 


স্বাতীর পোস্টের পরেই অনেকে তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। এক জন বলেছেন, ‘‌দেড় লক্ষ টাকা দিয়েছিলাম। কিন্তু বছরের পর বছর ঘুরিয়ে ফিরিয়ে একই ছবি দেখানো হয়েছে।’‌ আর এক জন বলেছেন, ‘‌বেশিরভাগ ম্যাট্রিমনি সাইটগুলো প্রোফাইলে বিবাহিতদের ছবি ব্যবহার করে।’‌