আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ের হারবার লাইনের থানে থেকে বাশিগামী লোকালে ঘটে যাওয়া এই শিউরে ওঠা ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। গত মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ যখন ট্রেনটি যাত্রীতে ঠাসা ছিল, তখনই এই নক্কারজনক কাণ্ডটি ঘটায় এক যুবক। লোকাল ট্রেনের কামরায় এক তরুণীর দিকে একদৃষ্টিতে তাকিয়ে অসভ্য আচরণ করতে শুরু করে সে। বিষয়টি প্রথমে ওই তরুণীর নজরে না এলেও, উল্টো দিকের আসনে বসা এক যাত্রী সবটা খেয়াল করেন। তিনি তৎক্ষণাৎ ওই তরুণীকে সাবধান করে নিজের আসন পরিবর্তন করতে বলেন। তরুণী কারণ জানতে চাইলে সহযাত্রীটি আসল বিষয়টি খোলসা করেন।
নিজের চোখের সামনে এমন কুরুচিকর কাণ্ড দেখে রাগে ফেটে পড়েন ওই তরুণী। নিজের সম্মান রক্ষার্থে তিনি বীরবিক্রমে ওই যুবকের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং তাকে কষিয়ে থাপ্পড় ও লাথি মারতে শুরু করেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কামরার অন্যান্য যাত্রীরা প্রথমে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলেও পরে দরজার কাছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিও ওই যুবককে কয়েক ঘা বসিয়ে দেন। ক্রমাগত চড়-থাপ্পড় আর অপমানের মুখে পড়ে বাঁচার কোনও পথ না পেয়ে শেষমেশ চলন্ত ট্রেন থেকেই প্ল্যাটফর্মে ঝাঁপ দেয় ওই অভিযুক্ত যুবক। প্ল্যাটফর্মে পড়ে যাওয়ার পরই ভিডিওটি শেষ হয়ে যায়।
আবরার শেখ নামে জনৈক এক ব্যক্তি এই পুরো ঘটনার ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন। তিনি মারাঠি ভাষায় লিখেছেন, প্রকাশ্য দিবালোকে জনসমক্ষে এই ধরনের বিকৃত মানসিকতা শুধু অপরাধ নয়, সমাজের মুখেও বড় কলঙ্ক। আমাদের মা-বোনদের নিরাপত্তা নিয়ে যারা এভাবে ছিনিমিনি খেলে, তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে। অপরাধীকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করার দাবি তুলেছেন সাধারণ মানুষ। একইসঙ্গে সজাগ সহযাত্রী এবং নির্ভীক তরুণীর সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছে নেটপাড়া। এই ঘটনা আবারও রেলপথে নারী নিরাপত্তা নিয়ে এক বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিল।
















