আজকাল ওয়েবডেস্ক: সারাদিনে দেশে ৯০টি করে ধর্ষণ হচ্ছে। রুখতে প্রয়োজন কড়া আইনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এবিষয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় চিঠিটি প্রকাশ করে জানান, প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ফাস্ট ট্র্যাক স্পেশ্যাল কোর্টে কড়া আইনের মাধ্যমে যাতে এই ধরনের ঘটনার  ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করা যায় এবং দোষী বা দোষীদের শাস্তি দেওয়া যায় সেবিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। 

আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই দোষী বা দোষীদের শাস্তি চেয়ে মমতার নেতৃত্বে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। খোদ মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, রাজ্য সরকার ফাঁসির পক্ষে। নিজে মুখ্যমন্ত্রী নিহত চিকিৎসকের বাবা-মা'র সঙ্গে সোদপুরে তাঁদের বাড়ি গিয়ে দেখা করেছেন। আশ্বাস দিয়েছেন পাশে থাকার। 

এর পাশাপাশি গোটা দেশে ধর্ষণের ঘটনা এবং তা রুখতে জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখে কড়া আইন প্রণয়নের জন্য অনুরোধ জানিয়েছেন। দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লেখার বিষয়টি নিজের সমাজমাধ্যমেও জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।