আজকাল ওয়েবডেস্ক: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে, এই অভিযোগ তদন্তসাপেক্ষ বলে আজ মন্তব্য করেছে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। আদালত উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে যে, তারা যেন নিজেরা এই তদন্ত পরিচালনা করে, অথবা বিষয়টি কোনও কেন্দ্রীয় সংস্থার কাছে হস্তান্তর করে তদন্ত সম্পন্ন করায়।
বিজেপি কর্মী এস বিঘ্নেশ শিশিরের দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। ওই আবেদনে লখনউয়ের একটি বিশেষ এমপি/এমএলএ আদালতের গত ২৮ জানুয়ারির একটি আদেশকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। ওই আদালত কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন খারিজ করে দিয়েছিল।
নিম্ন আদালত সেই সময় রায় দিয়েছিল যে, নাগরিকত্ব সংক্রান্ত বিষয়গুলোর ওপর সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের নেই।
কর্ণাটকের বাসিন্দা ওই আবেদনকারী 'ভারতীয় ন্যায় সংহিতা', 'অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট', 'ফরেনার্স অ্যাক্ট' এবং 'পাসপোর্ট অ্যাক্ট'-এর বিভিন্ন বিধানের অধীনে অভিযোগ উত্থাপন করে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের এবং একটি বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছিলেন।
প্রাথমিকভাবে রায়বেরেলির একটি বিশেষ এমপি/এমএলএ আদালতে এই অভিযোগটি দায়ের করা হয়েছিল। ২০২৫ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট মামলাটি রায়বেরেলি থেকে লখনউতে স্থানান্তর করে। পরবর্তীতে লখনউয়ের আদালত আবেদনকারীর আর্জি খারিজ করে দিলে তিনি পুনরায় হাইকোর্টের দ্বারস্থ হন।
'নারী সংরক্ষণ বিল' নিয়ে শুক্রবার প্রধানমন্ত্রী মোদিকে তীব্র কটাক্ষ করনে বেরেলির কংগ্রেস সাংসদ। অপারেশন সিঁদুর, বালাকোট প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে মোদিকে খোঁচা দিয়ে রাহুল গান্ধী ‘ম্যাজিশিয়ান’ শব্দ প্রয়োগ করেন। আর তাঁর এই শব্দের তীব্র বিরোধিতা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। স্পিকার ওম বিড়লা এটিকে অসংসদীয় বলে অভিহিত করে কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন।
২০২৩ সালে সব দলের সমর্থনে নারী সংরক্ষণ বিল পাশ হলেও তা কার্যকর করার পথে জনগণনা ও ডিলিমিটেশনের শর্ত জুড়ে দিয়েছে মোদি সরকার। এদিন বিশেষ অধিবেশনে রাহুল দাবি করেন, “এটি আসলে কোনও নারী শক্তির বিল নয়, এর সঙ্গে নারী ক্ষমতায়নের কোনও সম্পর্ক নেই। ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের মাধ্যমে সরকার আসলে ভারতের নির্বাচনী মানচিত্র বদলে দিতে চাইছে।”
সেসবের পরই দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে লাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চের নির্দেশে রাহুল গান্ধীর অস্বস্তি বাড়ল।















