আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে হঠাৎ হুলস্থুল কাণ্ড স্কুলে। নিত্যদিনের মতো ক্লাস শুরু হওয়ার আগেই নিরাপত্তারক্ষী যা দেখলেন, তাতেই বাতিল হয়ে যায় সব ক্লাস। সাতসকালে স্কুলের প্রাঙ্গণে একটি লেপার্ড এসে উপস্থিত হয়েছিল। সেটি দেখার পরেই ভয়ে, আতঙ্কে আর কেউ স্কুলের বাইরে বেরোতে সাহস পাচ্ছেন না। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের এক স্কুলে। স্কুল প্রাঙ্গণে আচমকাই একটি লেপার্ড ঢুকে পড়ে। দেখামাত্র হুলস্থুল গোটা স্কুলে। নিমেষের মধ্যে বাতিল ঘোষণা করা হয় সমস্ত ক্লাস। স্কুলের সমস্ত দরজা বন্ধ করে ভয়ে রীতিমতো কাঁপছিলেন শিক্ষক থেকে পড়ুয়ারাও। 

জানা গেছে, বুধবার সকালে ঘটনাটি ঘটেছে গোবিন্দপুরম এলাকায়। এদিন সকালে গ্রিনফিল্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রাঙ্গণে আচমকাই একটি লেপার্ড ঢুকে পড়ে। এরপরই স্কুলের ক্লাস বাতিল ঘোষণা করা হয়েছে। 

স্কুলের নিরাপত্তারক্ষী এদিন সকাল সাতটা নাগাদ স্কুলের জি ক্যাম্পাসে প্রথমবার ওই লেপার্ডটিকে ঘুরে বেড়াতে দেখেছিলেন। তড়িঘড়ি তিনি স্কুল কর্তৃপক্ষকে জানান। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় কবি নগর থানার পুলিশ এবং বন দপ্তরের আধিকারিকরা। 

কয়েক ঘণ্টা ওই স্কুলের বাইরে কোনও পড়ুয়াকে বেরোতে দেওয়া হয়নি। এমনকী কেউ ঢুকতেও পারেননি। কয়েক ঘণ্টা বন দপ্তরের আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। তবে লেপার্ডটিকে দেখতে পাননি। তবে সিসিটিভি ফুটেজে লেপার্ডটিকে স্কুল প্রাঙ্গণ থেকে একটি ঘরের মধ্যে ঢুকতে দেখা গেছে। 

চলতি সপ্তাহেই এক বিয়েবাড়িতে ঢুকে পড়েছিল একদল সিংহ। ধুমধাম বিয়ের আয়োজন। একদিকে চলছিল দেদার খাওয়াদাওয়া, অন্যদিকে নাচগানে মেতে নিমন্ত্রিতরা। সানাইয়ের সুরে মেতে উঠেছিলেন সকলেই। বিয়ের আচার অনুষ্ঠানের সময়েই ঘটল বিপত্তি। আচমকাই বিয়ের আসরে সানাইয়ের সুর ছাপিয়ে শোনা গেল সিংহের গর্জন। একটি নয়, একদল সিংহ হাজির সেই বিয়ের আসরে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে গুজরাটের জুনাগড়ে। সম্প্রতি এক বিয়েবাড়িতে ডিনারের সময়েই হঠাৎ ঢুকে পড়ে একদল সিংহ। তবে বিয়েবাড়িতে খাবারের লোভে এলেও, কারও ওপর হামলা করেনি। কিন্তু সিংহের দলের উপস্থিতিতে হঠাৎ থমথমে পরিবেশ বিয়েবাড়িতে। ভয়ে কাঁটা পাত্রপাত্রী থেকে নিমন্ত্রিতরা। 

ওই বিয়েবাড়িতেই এক মহিলা চুপিচুপি ক্যামেরাবন্দি করেন ওই মুহূর্তটি। যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। গভীর রাতে বিয়েবাড়িতে আচমকাই ঢুকে পড়ে একদল সিংহ। তখনও কয়েকজন নিমন্ত্রিত ছিলেন। তাঁবুর মধ্যে ঢুকে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা গেছে দু'টি সিংহকে। 

তবে বিয়েবাড়িতে এসেও কারও ওপর হামলা করেনি। সতর্ক থাকলেও, শান্ত হয়ে খানিকক্ষণ বিয়েবাড়িতে ঘুরে বেড়ায় দু'টি সিংহ। তা দেখেই বিয়ের আসর ছেড়ে খানিকটা দূরে ছুটে পালান নিমন্ত্রিতরা। বিয়েবাড়িতে কোনও খাবার নষ্ট করেনি সিংহের দল। খানিকক্ষণ ঘোরাঘুরি করে তাঁবু থেকে বেরিয়ে সোজা কাছের জঙ্গলে চলে যায়। কয়েক মিনিটের মধ্যে অন্ধকারে মিলিয়ে যেতে দেখা গেছে তাদের। এই ঘটনায় কেউই আহত হননি।