আজকাল ওয়েবডেস্ক: দিল্লির আন্দোলনের সময় ভাইরাল হয়েছিল এক ছবি। যন্তর মন্তরে, পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে এক যুবতী। বহু মানুষ ওই ছবি নিয়ে মন্তব্য করেন। বাহবা দেন। এবার ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ছবি। একটি বাস। চারপাশে বিক্ষোভকারীরা। আর ওই বাসের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে এক মহিলা। পরনে পুলিশের পোশাক। 

ঘটনাটি ভোপালের। সেখানে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করে যাওয়ার সময় বিক্ষোভকারী কৃষকরা একটি বাসকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। বাসের সামনে দাঁড়িয়ে থাকা ওই পুলিশ কর্মকর্তা, যাঁর ছবি ভাইরাল। তিনি সেখানকার ট্রাফিক ও অপরাধ দমন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসিপি) মনিকা শুক্লা।

ভোপালের ‘লেডি সিংহম’ হিসেবে পরিচিত শুক্লার ওই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকহারে। ওই ভাইরাল হওয়া  ছবি নিয়ে কী বলছেন মনিকা নিয়ে? সর্বভারতী এক সংবাদমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মনিকা বলেন, 'আমার দায়িত্ব ছিল কৃষকদের শহরে প্রবেশে বাধা দেওয়া এবং বাসটিকে ধাক্কা দেওয়া থেকে তাদের বিরত রেখে তিনি কেবল তাঁর দায়িত্বই পালন করছিলেন।' 

সঙ্গেই তিনি জানিয়েছেন, কৃষকদের মিছিল থামাতে পুলিশ অতিরিক্ত ব্যারিকেড হিসেবে রাস্তায় স্কুল বাস দাঁড় করিয়ে রেখেছিল।  কৃষকরা বাসগুলোকে ধাক্কা দিয়ে ব্যারিকেড সরানোর চেষ্টা করেছিল। তিনি জানান, ওই ঘটনা দেখে, তাঁর ওই মুহূর্তে বাসের সামনে দাঁড়িয়ে পড়াই নিজের কর্তব্য বলে মনে হয়েছিল। ফলে তিনি অন্যকিছু না ভেবে, নিজের কর্তব্যে অবিচল থেকেই দাঁড়িয়ে পড়েন বাসের সমানে। এসিপিকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বিক্ষোভকারী কৃষকরা। যদিও মনিকা বিষয়টিকে নিয়ে নিজে কোনও 'কৃতিত্ব' দেখছেন না। তাঁর মতে আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনার দীর্ঘ অভিজ্ঞতা থাকায় তিনি যেকোনো পরিস্থিতি সামাল দিতে জানেন। সেদিনও তাই করেছিলেন কেবল।