আজকাল ওয়েবডেস্ক: লাদাখের প্রশাসনিক মানচিত্রে বদল আনলেন লেফটেন্যান্ট গভর্নর বি কে সাক্সেনা। সোমবার তিনি ঘোষণা করেছেন, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে আরও পাঁচটি নতুন জেলা তৈরি করা হচ্ছে। ফলে লেহ এবং কার্গিলের পাশাপাশি এখন থেকে লাদাখের মোট জেলার সংখ্যা বেড়ে হলো সাত।
সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন লেফটেন্যান্ট গভর্নর। তিনি জানান, লাদাখের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে এই পদক্ষেপ করা হয়েছে। নতুন যে পাঁচটি জেলা করল, সেগুলি হলো- নুব্রা, শাম, চাংথাং, জানস্কার এবং দ্রাস।
রাজ্যপাল জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘উন্নত লাদাখ’ গড়ার স্বপ্নের লক্ষ্যেই এই সিদ্ধান্ত। গত আগস্ট মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রক এই জেলা পুনর্গঠনে সম্মতি দিয়েছিল। সোমবার তাতে চূড়ান্ত সিলমোহর দিলেন লেফটেন্যান্ট গভর্নর।
প্রশাসনের দাবি, নতুন জেলা গঠিত হওয়ার ফলে সরকারি সুযোগ-সুবিধা এবং পরিষেবা আরও দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছবে। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের এখন আর ছোটখাটো কাজের জন্য জেলা সদরে ছুটতে হবে না। পাশাপাশি, এই সিদ্ধান্তের ফলে কর্মসংস্থান ও উন্নয়নের নতুন পথ খুলে যাবে বলেও আশা করা হচ্ছে।
২০১৯ সালে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছিল। আর এখন এই জেলা বৃদ্ধির সিদ্ধান্তকে ওই অঞ্চলের প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল।
















