আজকাল ওয়েবডেস্ক: প্রবল ঠান্ডা, ক্রমাগত তুষারপাত হয়ে চলেছে। রাস্তায় বরফের মোটা আস্তরণ। এই অবস্থায় আটকে পড়েছে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর কনভয়। শেষমেষ নিরাপত্তারক্ষীদের সঙ্গেই আটকে পড়া গাড়ি ঠেলতে হাত লাগালেন খোদ মন্ত্রী। সেই ভিডিও আপাতত ভাইরাল।
ঘটনাটি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের শোঙ্গাটসের হ্রদ এবং পিটি তসো এলাকার মধ্যবর্তী এক জায়গার। মঙ্গলবার সকালের ভারী তুষারপাতের জেরে সেখানে রাস্তা বন্ধ হয়ে যায়।
এক্স-এ সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, তিনি স্থানীয় এবং নিরাপত্তা বহিনীর সদস্যদের সঙ্গে বরফ ঢাকা রাস্তায় আটকে থাকা গাড়িটিকে সরাতে এবং রাস্তা পরিষ্কার করতে সাহায্য করছেন।
ওই ভিডিও ক্লিপে, ক্রমাগত তুষারপাত এবং গাড়ি চলাচলের প্রতিকূল পরিস্থিতির ছবি উঠে এসেছে। ঘন তুষারে ঢাকা পিচ্ছিল রাস্তায় গাড়ি চলাচলের করুণ অবস্থা। ঠান্ডা আবহাওয়া মোকাবিলা করার সময় এলাকার লোকেরা গ্লাভস এবং ভারী জ্যাকেট পরে আছেন। রিজিজু, অন্যদের সঙ্গে কনভয়ের গাড়িটি ধাক্কা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করছেন।
রিজিজুর এক্সে লিখেছেন, “ভারী তুষারপাতের সময় আমাদের যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীরা প্রতিরক্ষা বাহিনী এবং স্থানীয়দের ক্রমাগত চলাচলের জন্য সর্বদা সতর্ক থাকে। আমরা অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার অন্তর্গত শোঙ্গাটসের হ্রদ এবং পিটি তসো এলাকার মধ্যে বিশাল তুষার অবরোধের মুখোমুখি হয়েছি।”
শীতকালে, অরুণাচল প্রদেশে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যায়। এর জেরে সেলা পাস এবং তাওয়াংয়ের মতো উঁচু অঞ্চলে ভারী তুষারপাতে রাস্তা বন্ধ যায়ষ ফলে যাতায়াত ব্যহত হয়। এমনকী নিম্ন উপত্যকাগুলিও ঠান্ডা থাকে, প্রায়শই তুষারপাত এবং হালকা বৃষ্টি বা তুষারপাত হয়।
গত বছর, অরুণাচল প্রদেশের সেলা পাসের কাছে একটি হ্রদে চারজন পর্যটক বরফ জলে পড়ে যাওয়ার পরে, রিজিজু পর্যটকদের সতর্ক করেছেন। একটি ভিডিও-তে দেখা গিয়েছে যে, পায়ের নীচে বরফ সরে যাওয়ার পরে পথচারীরা বাঁশের লাঠি ব্যবহার করে নিরাপদে জায়গায় যাওয়ার চেষ্টা করছেন। সোশাল মিডিয়ায় সেই ক্লিপটি শেয়ার করে, তিনি পর্যটকদের কেবল অভিজ্ঞ গাইডের সঙ্গে বরফ জলে পূর্ণ হ্রদে হাঁটার, তুষারাবৃত রাস্তায় সাবধানে গাড়ি চালানোর এবং তুষারপাতের জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
২০২১ সালে, তীব্র তুষারপাতের কারণে বৈশাখী, সেলা পাস এবং নুরানাংয়ের রাস্তা প্রচণ্ড ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। রিজিজু পর্যটকদের তাওয়াং ভ্রমণের বিরুদ্ধে সতর্ক করেছিলেন।
