আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশে এক হিন্দু পুলিশ অফিসারকে খুন করে পালিয়েছিল। এই ঘটনায় মূল অভিযুক্তকে দিল্লি বিমানবন্দর থেকে আটক করা হল। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ভারত হয়ে ইউরোপে পালানোর ছক কষছিলেন।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম মেহেদি আহমেদ রেজা হাসান। দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ তাঁকে চিহ্নিত করে আটকে করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সেরে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

২০২৪ সালে বাংলাদেশে ছাত্র আন্দোলন চলাকালীন সন্তোষ চৌধুরী নামে এক পুলিশ অফিসার খুন হন। সেই ঘটনায় আগেই দায় স্বীকার করেছিল মেহেদি। একটি থানার ভেতরে বসে তার খুন করার স্বীকারক্তির ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি বিমানবন্দরে ওত পেতেছিলেন গোয়েন্দারা। জানা গিয়েছে, ফিনল্যান্ডের বিমানে ওঠার আগেই তাঁকে ধরে ফেলা হয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বানিয়াচং থানায় হামলা চালিয়ে সাব-ইন্সপেক্টর সন্তোষ চৌধুরীকে খুন করা হয়। পরে তাঁর দেহটি একটি গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। হাসিনা-পরবর্তী সেই অস্থির সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছিল, যার শিকার হন ওই পুলিশ আধিকারিকও।

এই হত্যাকাণ্ড নিয়ে ‘বিবিসি বাংলা’ একটি বিশেষ রিপোর্ট প্রকাশ করে জানিয়েছিল যে, ওই অফিসারকে বেছে বেছে লক্ষ্য করা হয়েছিল। যদিও ‘বাংলাদেশ পোস্ট’-এর দাবি, পরে সেই রিপোর্টটি সরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে বাংলাদেশে ছাত্র বিক্ষোভ শুরু হয়েছিল। সেই আন্দোলনের জেরেই পতন ঘটে আওয়ামী লীগ সরকারের।