আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার কর্নাটকের বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ৪.৪৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর এই বাজেটের সবথেকে বড় চমক- ১৬ বছরের কম বয়সিদের জন্য সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা। ছোটদের ওপর মোবাইলের কুপ্রভাব এবং তাদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই কড়া পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ভারতবর্ষের প্রথম রাজ্য হিসেবে এই সাহসী সিদ্ধান্ত নিতে চলেছে কর্নাটক। সম্প্রতি অস্ট্রেলিয়া এবং ইউরোপের কিছু দেশও শিশুদের জন্য সামাজিক মাধ্যমে একই ধরনের বিধিনিষেধ চাপিয়েছে। কর্নাটক সরকার চাইছে ডিজিটাল দুনিয়ার বিপদ থেকে শিশুদের দূরে রেখে তাদের পড়াশোনায় মনযোগ বাড়াতে।
বাজেটের মূল বিষয়গুলি একনজরে:
আইআইটি ধরওয়াড়ের সঙ্গে মিলে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ‘ডিজিটাল টিউটরিং’ ব্যবস্থা চালু করা হচ্ছে। এর ফলে প্রায় ১২ লক্ষ পড়ুয়া ঘরে বসেই উন্নত মানের শিক্ষা পাবে।
স্কুল ও কলেজ স্তরে প্রায় ১৭ হাজার নতুন শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের ঘোষণা করা হয়েছে।
সরকারি কলেজের অধ্যাপিকারা এখন থেকে ৯০ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন।
বেঙ্গালুরুর 'ইউনিভার্সিটি অফ বিশ্বেশ্বরায় কলেজ অফ ইঞ্জিনিয়ারিং'-কে আইআইটি-র ধাঁচে সাজাতে ৫০০ কোটি টাকা দেওয়া হবে। এছাড়া জাতপাত ভিত্তিক বৈষম্য রুখতে আনা হচ্ছে 'রোহিত ভেমুলা বিল'।
মুমূর্ষু রোগীদের জন্য বাড়িতেই চিকিৎসার (প্যালিয়েটিভ কেয়ার) ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি, বেঙ্গালুরু মেট্রোর পথ আরও ৪১ কিলোমিটার বাড়ানো হবে।
মুখ্যমন্ত্রী জানান, কর্নাটকের আর্থিক বৃদ্ধির হার দেশের গড় হারের চেয়েও বেশি। রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করতে তিনি '১১জি ইকোনমিক মডেল'-এর কথা বলেছেন। সেখানে শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ রক্ষা- সব দিকেই সমান গুরুত্ব দেওয়া হবে। তবে টানা তিন বছর ঘাটতি বাজেট পেশ হওয়ায় কিছুটা উদ্বেগও থাকছে রাজনৈতিক মহলে।
