আজকাল ওয়েবডেস্ক: জন্মদিনের পার্টিতে ডেকে নাবালককে চরম হেনস্থা। তাকে নগ্ন করে মারধর থেকে গায়ে প্রস্রাব করার অভিযোগ বন্ধুদের বিরুদ্ধে। পার্টিতে হেনস্থার জেরে, অপমানিত হয়ে চরম পদক্ষেপ করল সে। বাড়িতে আত্মঘাতী হল নাবালক। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাসতিতে। কাপ্তনগঞ্জ থানার অন্তর্গত একটি গ্রামে ২০ ডিসেম্বর জন্মদিনের পার্টিতে গিয়েছিল ওই নাবালক। সেখানে আরও নাবালক ছিল। পরিবারের অভিযোগ, সেই পার্টিতে নাবালককে নগ্ন করে মারধর করা হয়। এরপর তার গায়ে প্রস্রাব করে দেয় কয়েকজন নাবালক। পার্টি থেকে বাড়িতে ফিরেই কাঁদতে কাঁদতে পরিবারকে জানায় সে। 

সেদিন রাতেই থানায় অভিযোগ জানাতে গিয়েছিল নাবালকের পরিবার। কিন্তু সেদিন থানায় তাদের অভিযোগ নেওয়া হয়নি। তিনদিন পেরিয়ে যাওয়ার পরেও কোনও অভিযোগ দায়ের করেনি পুলিশ। ২১ ডিসেম্বর অর্থাৎ পার্টিতে অপমানিত হওয়ার পরেরদিন আত্মঘাতী হয় নাবালক। ঘটনার তিনদিন পেরিয়ে যাওয়ার পর ২৪ ডিসেম্বর মামলা রুজু করেছে পুলিশ। 

নাবালকের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ। অভিযুক্ত নাবালকদের জেরা করবে তারা। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাবালককে হেনস্থা করা হল, পরিকল্পনামাফিক জন্মদিনের পার্টিতে ডেকে কেন হেনস্থা করা হল, তাও খতিয়ে দেখা হচ্ছে।