আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল নতুন যুদ্ধজাহাজ আইএনএস মালভান (INS Malvan)। বুধবার কর্ণাটকের কারওয়ার নৌঘাঁটিতে জাহাজটি আনুষ্ঠানিকভাবে কমিশনড করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং পশ্চিম নৌ-কমান্ডের প্রধান ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বৎসায়ন। আইএনএস মালভান দেশেই তৈরি মাহে-শ্রেণির অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফ্টের (ASW-SWC) দ্বিতীয় জাহাজ।
এটি কোচিন শিপইয়ার্ডে নির্মিত হয়েছে এবং জাহাজটির ৮০ শতাংশেরও বেশি অংশ দেশীয় প্রযুক্তি ও উপকরণ দিয়ে তৈরি। এই যুদ্ধজাহাজের মূল কাজ হল সমুদ্রের নিচে থাকা শত্রু সাবমেরিন খুঁজে বের করা ও তার মোকাবিলা করা।
এছাড়া উপকূলীয় নিরাপত্তা, সমুদ্রে নজরদারি এবং মাইন অপারেশনেও এটি ব্যবহার করা যাবে। মহারাষ্ট্রের ঐতিহাসিক উপকূলীয় শহর মালভান-এর নাম অনুসারে জাহাজটির নাম রাখা হয়েছে।
এর প্রতীকে রয়েছে ‘বাঘের থাবা’, যা সাহস, দ্রুত আঘাত এবং গোপন অভিযানের প্রতীক। জাহাজটির মূলমন্ত্র ‘Silent Claws’। অনুষ্ঠানে এয়ার চিফ মার্শাল এপি সিং জানান, সমুদ্রপথের নিরাপত্তা দেশের বাণিজ্য ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি দেশীয় প্রযুক্তিতে যুদ্ধজাহাজ নির্মাণে নৌবাহিনীর সাফল্যের প্রশংসা করেন। ভারতীয় নৌবাহিনীর মতে, আইএনএস মালভান যুক্ত হওয়ায় দেশের সাবমেরিন-বিধ্বংসী ক্ষমতা আরও শক্তিশালী হবে এবং জলপথে ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
















