আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেশেলস ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ সর্বোচ্চ সম্মান দিয়েছে। যা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। পাল্টা আক্রমণে ভারত। এ দেশের সরকারি সূত্রগুলো পাকিস্তানি মন্ত্রীকে "মানসিক ভারসাম্যহীন" হিসেবে দেগে দিয়েছেন। শুধু তাই নয়, নানা সময়ে পাক মন্ত্রীর বিতর্কিত মন্তব্যকে "হাস্যকর" বলেও অভিযুক্ত করা হয়েছে। 

কেন্দ্রীয় সরকারি সূত্রগুলো জানিয়েছে যে, আসিফের 'মানসিক ভারসাম্যহীন'তা একটি "সর্বজনবিদিত বিষয়"। ভারতের দাবি, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে খোয়াজা আসিফের নিয়োগ দেশটির নেতৃত্বের দুর্বলতাকেই তুলে ধরে।

কেন্দ্রীয় সরকারি সূত্রগুলো বলেছে, "বর্তমানে দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে, এ থেকেই আজকের পাকিস্তান সম্পর্কে অনেক কিছু বোঝা যায়। স্পষ্টতই, তাঁর কোনও নিয়মিত কাজ নেই এবং যেসব বিষয়ে তাঁর সামান্যই জ্ঞান আছে, সেসব নিয়ে হাস্যকর মন্তব্য করেই তিনি সময় কাটান। ঈর্ষা সবসময়ই একটি খারাপ প্রবৃত্তি, বিশেষ করে এমন একজনের ক্ষেত্রে যিনি বিদ্বেষপূর্ণ কথাবার্তায় অভ্যস্ত।"

গত মাসের শেষের দিকে সেশেলস সফরের সময় প্রধানমন্ত্রী মোদিকে "গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন"  নামক যে বিশেষ রাষ্ট্রপতির সম্মাননা দেওয়া হয়েছিল। পরিবেশ সংরক্ষণের প্রতি প্রতিশ্রুতি এবং ছোট দ্বীপরাষ্ট্রগুলোর আকাঙ্ক্ষার প্রতি সমর্থনের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীকে এই নতুন প্রবর্তিত সম্মানটি দেওয়া হয়। এই সম্মানের বৈধতা নিয়ে আসিফ প্রশ্ন তোলার পরই ভারতের তরফে এই প্রতিক্রিয়া আসে।

সেশেলস সরকার তাদের জাতীয় সম্মান ব্যবস্থায় সংস্কার আনার পর এই পুরস্কারটি পাওয়া প্রথম ব্যক্তি হলেন প্রধানমন্ত্রী মোদি। সম্মান গ্রহণের সময় প্রধানমন্ত্রী সেশেলসের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানান এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মোকাবিলা করা দেশগুলোর উদ্দেশ্যে এই পুরস্কারটি উৎসর্গ করেন।

ভারত সরকারের এই সমালোচনায় অতীতে ঘটা প্রায় একই রকম একটি ঘটনার কথাও উঠে এসেছে। ল২০২৫ সালের নভেম্বরে, যখন আফগানিস্তানে হামলার হুমকির অভিযোগে আফগানিস্তানের তালিবান-নেতৃত্বাধীন প্রশাসন প্রকাশ্যে আসিফের তীব্র সমালোচনা করেছিল। সেই সময় তালিবান প্রশাসনের সীমান্ত ও উপজাতি বিষয়ক মন্ত্রী নূরুল্লা নুরি এক জনসভায় ভাষণ দেওয়ার সময় আসিফকে "মানসিক ভারসাম্যহীন" ব্যক্তি হিসেবে অভিহিত করেছিলেন।
নুরি বলেছিলেন, "বাংলাদেশ ও ভারতের বিরুদ্ধে আপনাদের ইতিহাস সবার জানা। রাশিয়া, আমেরিকা ও ব্রিটেনের বিরুদ্ধে আমাদের ইতিহাসও স্পষ্ট। আপনারাই বিচার করুন।"