আজকাল ওয়েবডেস্ক: গরমকালে পর্যটনস্থলগুলির উদ্দেশ্যে যাত্রীদের ভিড় সামাল দেওয়ার জন্য বড় পদক্ষেপ করল ভারতীয় রেল। ২০২৬ সালের গ্রীষ্মকালে ১৮,২০০-র বেশি বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে রেল। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুসারে, এপ্রিল, মে এবং জুন মাসের মতো ব্যস্ততম সময়ে নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করতে, রেল মন্ত্রক মোট ৯০৮টি বিশেষ ট্রেনের অনুমোদন দিয়েছে। ছুটির দিনে ভ্রমণকারী এবং বাড়ি ফেরা পরিযায়ী শ্রমিকদের বিপুল ভিড় সামাল দেওয়ার জন্য এই ট্রেনগুলিকে বিভিন্ন জোনে চালানো হবে।
রেলের সময়সূচি অনুযায়ী, এই পরিষেবাগুলি ২০২৬ সালের ১৫ এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত চালু থাকার কথা রয়েছে। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে ৬৬০টি ট্রেনের মাধ্যমে ১১,০০০-এরও বেশি ট্রিপ সম্পন্ন হবে, সেগুলির বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করা হয়েছে। এর ফলে যাত্রীরা আরও ভালভাবে ভ্রমণের পরিকল্পনা করার জন্য অগ্রিম রিজার্ভেশনের এই সময়টি ব্যবহার করতে পারবেন।
প্রতিবেদন অনুসারে, দক্ষিণ মধ্য রেলওয়ে (এসসিআর) সর্বাধিক ১২৪টি বিশেষ ট্রেন পরিচালনা করবে। তবে, মোট যাত্রার সংখ্যার দিক থেকে সেন্ট্রাল রেলওয়ে শীর্ষে। মোট ৩,০৮২টি ট্রিপ নিয়ে পরিচালনা করবে তারা। এর পরেই রয়েছে পূর্ব মধ্য রেলওয়ে। মোট ২,৭১১টি ট্রিপ পরিচালনা করবে তারা।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম রেল এবং উত্তর রেলও যথাক্রমে ২,০৭৮ এবং ২,০৯০টি ট্রিপ পরিচালনা করবে। যা মুম্বই ও দিল্লির মতো প্রধান জায়গাগুলির সঙ্গে উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের উচ্চ চাহিদাসম্পন্ন গন্তব্য স্থলগুলির সংযোগ নিশ্চিত করবে।
যাত্রী সমাগম বৃদ্ধি পাওয়ায় স্টেশনগুলিতে পর্যাপ্ত পানীয় জলের সুবিধা নিশ্চিত করতে এবং প্ল্যাটফর্মে ভিড় ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত আরপিএফ কর্মী মোতায়েন করতে রেল মন্ত্রক জোনাল রেলওয়েগুলিকে নির্দেশ দিয়েছে। ঊর্ধ্বতন আধিকারিকরা ওয়েটিং লিস্টের তথ্য পর্যবেক্ষণ করবেন, যাতে সেইসব রুট চিহ্নিত করা যায় যেখানে চাহিদা ধারাবাহিকভাবে ধারণক্ষমতাকে ছাড়িয়ে যাচ্ছে। যার ফলে আরও বেশি ‘ক্লোন ট্রেন’ চালানো যায় বা অতিরিক্ত কোচের ব্যবস্থা করা যেতে পারে।
গ্রীষ্মের দাবদাহ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে, জাতীয় পরিবহন সংস্থাটি অননুমোদিত ভ্রমণ রোধ করতে এবং প্রত্যেক যাত্রীর জন্য একটি নিশ্চিত বার্থের ব্যবস্থা করতে চাইছে। যাত্রীদের আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইট এবং অফিসিয়াল মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ সাপ্তাহিক ছুটির দিনের ভিড় সামাল দেওয়ার জন্য সপ্তাহের নির্দিষ্ট কিছু দিনে বেশ কয়েকটি বিশেষ ট্রেন চলাচল করে।















