আজকাল ওয়েবডেস্ক: ভারত সরকার ও প্রতিরক্ষা মন্ত্রকের উদ্যোগে ভারতীয় নৌবাহিনী পুনরায় শুরু করেছে ‘আইওএস সাগর’ বা ‘ইন্ডিয়ান ওশান শিপ সাগর’ কর্মসূচি। এই কর্মসূচির দ্বিতীয় সংস্করণ শুরু হয়েছে ১৬ মার্চ। এই উদ্যোগের মূল লক্ষ্য হল, ভারত মহাসাগরীয় অঞ্চলের বন্ধুদেশগুলোর সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা ও বন্ধুত্ব আরও শক্তিশালী করা।
এবারের ‘আইওএস সাগর’-এ ভারত মহাসাগরীয় অঞ্চলের ১৬টি দেশের অংশগ্রহণ করছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় নৌবাহিনীর আয়োজিত ‘ইন্ডিয়ান ওশান ন্যাভাল সিম্পজিয়াম’ বা ‘আইওএনস’-এ ১৬টি দেশ অংশ নেয়। এই কর্মসূচি ভারতের ‘সাগর’ নীতি (সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন)-র ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। পাশাপাশি ‘মিউচুয়াল অ্যান্ড হলিস্টিক অ্যাডভান্সমেন্ট ফর সিকিউরিটি অ্যাক্রস দ্য রিজিয়ন’ বা ‘মহাসাগর’ নীতিকেও এগিয়ে নিয়ে যাওয়া হবে। এই আইওএস সাগর একটি বিশেষ ধরনের কার্যক্রম। এই কার্যক্রমে বিভিন্ন বন্ধু দেশের নৌসেনা সদস্যরা একসঙ্গে প্রশিক্ষণ গ্রহণ এবং সমুদ্র অভিযানে অংশগ্রহণের সুযোগ পান।
কর্মসূচির প্রথম পর্যায়ে কেরলের কোচিতে অবস্থিত নৌ প্রশিক্ষণ কেন্দ্রে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। সেখানে অংশগ্রহণকারীরা নৌ-অভিযানের কৌশল শিখবেন। শিখবেন জাহাজ পরিচালনার নিয়মও। পাশাপাশি, সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কেও ধারণা অর্জন করবেন। এরপর অংশগ্রহণকারীরা ভারতীয় নৌবাহিনীর জাহাজে করে, সমুদ্রে যৌথভাবে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

সমুদ্রযাত্রার সময় জাহাজটি বিভিন্ন দেশে বন্দর সফর করবে। এই সফরের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি পাবে। একইসঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথভাবে সামুদ্রিক চ্যালেঞ্জ বা সমস্যার মোকাবিলা করার ক্ষেত্রেও সক্ষমতা বৃদ্ধি পাবে। এই পুরো কর্মসূচির মাধ্যমে, বন্ধুদেশগুলোর মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে।
সব মিলিয়ে ‘আইওএস সাগর’ উদ্যোগ ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং পারস্পরিক আস্থার পরিবেশ গড়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
