আজকাল ওয়েবডেস্ক: ইসলামাবাদের প্রতি এক কঠোর সামরিক বার্তা দিয়ে শনিবার সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে তৎপরতা চালানো অব্যাহত রাখে, তবে তাদেরই "সিদ্ধান্ত নিতে হবে যে তারা ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাসের অংশ হয়ে যেতে চায়।"

দিল্লির মানেকশ সেন্টারে 'ইউনিফর্ম আনভেইলড'-এর আয়োজিত এক মতবিনিময় সভায় সেনাপ্রধানকে প্রশ্ন করা হয়েছিল যে, গত বছর যে পরিস্থিতির কারণে 'অপারেশন সিঁদুর' চালানো হয়েছিল, সেই পরিস্থিতির ফের ঘটলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে তার জবাব দেবে?

জবাবে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, "আপনারা যদি আমার আগের কথাগুলি শুনে থাকেন - আমি যা বলেছিলাম... তা হল, পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে তৎপরতা চালানো অব্যাহত রাখে, তবে তাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে তারা ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাসের অংশ হয়ে যেতে চায়।"

দেশ এবং ভারতীয় সেনাবাহিনী 'অপারেশন সিঁদুর'-এর প্রথম বার্ষিকী উদযাপন শেষ করেছে মাত্র কয়েক দিন আগে। তারপরই 'সেনা সংবাদ' শীর্ষক এক অনুষ্ঠানে সেনাপ্রধানের পাকিস্তানকে হুঁশিয়ারি বেশ তাৎপর্যবাহী। সেনাপ্রধানের মন্তব্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানকে ফের জোরালোভাবে তুলে ধরল বলেই মনে করা হচ্ছে।

গত বছরের ৭ মে ভোরের দিকে ভয়াবহ পাহালগাঁতে সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধ হিসেবে 'অপারেশন সিঁদুর' শুরু করা হয়েছিল। এই অভিযানের অংশ হিসেবে ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে অবস্থিত একাধিক জঙ্গি কাঠামো লক্ষ্য করে নিখুঁত ও সুনির্দিষ্ট হামলা চালিয়েছিল।

পরবর্তীতে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক তৎপরতা শুরু করেছিল এবং ভারতের পক্ষ থেকে চালানো পরবর্তী সব পাল্টা আক্রমণও 'অপারেশন সিঁদুর'-এর আওতাতেই পরিচালিত হয়েছিল।

পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রায় ৮৮ ঘণ্টা ধরে চলা এই সামরিক সংঘাত ২০২৫ সালের ১০ মে সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা বা বোঝাপড়ার পর থেমে গিয়েছিল।