দীক্ষা ভুঁইয়া: ভারতের জীববৈচিত্র্য গবেষণায় এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে ভারতীয় প্রাণী সর্বেক্ষণ সংস্থা (ZSI)। প্রায় ১২ বছরের গবেষণার পর প্রথমবারের মতো দেশের প্রজাপতি ও পতঙ্গ (Lepidoptera)-এর পূর্ণাঙ্গ জাতীয় তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।
জেডএসআই-এর বিজ্ঞানী ড. নবনীত সিং ও ড. রাহুল যোশী-র নেতৃত্বে বিস্তৃত ক্ষেত্রসমীক্ষা, জাদুঘরের সংগ্রহ এবং বৈজ্ঞানিক তথ্য যাচাইয়ের মাধ্যমে এই তালিকা তৈরি হয়েছে। প্রকল্পের শেষ খণ্ডটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী 'জুটাক্সা'-য় (Zootaxa) প্রকাশিত হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ভারতে ১৩,৭০৩টি প্রজাতির প্রজাপতি ও পতঙ্গ রয়েছে, যা বিশ্বের পরিচিত মোট লেপিডোপ্টেরা প্রজাতির ৮.২৫ শতাংশ। এগুলি ১০২টি পরিবার, ২৪০টি উপপরিবার, ৩,৭০৫টি গণ এবং ৩১টি সুপারফ্যামিলি-র অন্তর্গত। এক শতাব্দীরও বেশি সময় ধরে থাকা শ্রেণীবিন্যাসগত তথ্যের ঘাটতি দূর করে এই তালিকা দেশের জীববৈচিত্র্য গবেষণায় নতুন দিগন্ত খুলে দিল।
প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল Geometroidea সুপারফ্যামিলির পূর্ণাঙ্গ তালিকা। ভারতে এই গোষ্ঠীর ২,২০৫টি প্রজাতি রয়েছে, যা বিশ্বের পরিচিত Geometroidea প্রজাতির প্রায় ৮.৮ শতাংশ। এই নিশাচর পতঙ্গগুলি পরাগায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশেষজ্ঞদের মতে, এই জাতীয় তালিকা ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ পর্যবেক্ষণ এবং নতুন প্রজাতি শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।
জেডএসআই-এর অধিকর্তা ড. ধৃতি বন্দ্যোপাধ্যায় বলেন, এই তালিকা দেশের জীববৈচিত্র্য গবেষণা ও সংরক্ষণে একটি নির্ভরযোগ্য বৈজ্ঞানিক রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে এবং ভবিষ্যতের গবেষণাকে আরও সমৃদ্ধ করবে।
















