আজকাল ওয়েবডেস্ক: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল মৌসম ভবন। চলতি সপ্তাহ জুড়েই একাধিক রাজ্যে ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হল। তুমুল বৃষ্টিতে আবার জল জমা, ধস, বন্যার মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। 

বুধবার মৌসম ভবন সূত্রে খবর, আজ, ১১ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর, শনিবার পর্যন্ত উত্তর ও মধ্য ভারতে ব্যাপক ঝড়বৃষ্টি হবে। বিশেষত দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশে ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারি বৃষ্টিপাত হবে। 

হাওয়া অফিস আরও জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ বর্তমানে ছত্তিশগড়ের উপর রয়েছে। এই নিম্নচাপের কারণে উত্তর ও মধ্য ভারতের অধিকাংশ জায়গায় ভারি বৃষ্টিপাত হবে একটানা চারদিন। 

পাশাপাশি নতুন করে ঘূর্ণাবর্তের আশঙ্কা রয়েছে। যার জেরে গুজরাট, মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকা, পশ্চিম মধ্য প্রদেশ, কঙ্কন ও গোয়া এবং বিদর্ভ এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহে কেরল, কর্ণাটক, লাক্ষাদ্বীপ, তামিল নাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।