আজকাল ওয়েবডেস্ক: তেলেঙ্গানার হায়দরাবাদে নিজের ভাড়া বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলেন ২১ বছর বয়সী পার্ট-টাইম ইউটিউবার ও বিজ্ঞান বিভাগের ছাত্রী বোনু কোমালি। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম-এর বাসিন্দা কোমালি গত প্রায় ১১ মাস ধরে হায়দরাবাদে একা থাকতেন এবং একটি বেসরকারি কলেজে বিজ্ঞান বিষয়ে স্নাতকতা করছিলেন।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের ডায়েরিতে কোমালি লিখেছিলেন, “ভাঙা সম্পর্কের স্মৃতি ছাড়তে ভয় করে। যদি সে ফিরে আসে? জানি, তাকে মুক্তি দেওয়া উচিৎ। জানি, সে আমার নয়। জানি, সম্পর্কে একা আমিই আছি, সে থাকার চেষ্টাও করছে না। তবুও, আমার একাংশ আজও অপেক্ষা করে, আশায় বুক বাঁধে, হয়ত একদিন সে আমাকেই বেছে নেবে।” তিনি আরও লিখেছেন, সম্পর্কটা থেকে সম্পূর্ণ নিজেকে ফিরিয়ে নেওয়ার পরে যদি যুবক আবারও তাঁর দিকে ফিরে তাকান- তখন? তাঁর ভয়, সেই সময়ে তিনি সেই সম্পর্কে না থাকলে আবারও প্রেমিককে হারিয়ে ফেলবেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোমালি তিন বছর ধরে এক ২৭ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে সম্পর্কে ছিলেন। তিনি যুবতীর ইউটিউবের সহকারীও ছিলেন। তবে সম্প্রতি তাঁদের বিচ্ছেদ হয় বলে জানা গিয়েছে। প্রায় ছ’মাস আগে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ।
সোমবার ভোররাতে কোমালি তাঁর মা বি সত্যা বরলক্ষ্মীকে (যিনি কর্মসূত্রে কুয়েতে থাকেন) একটি বার্তা (মেসেজ) পাঠান, “তোমাকে খুব ভালবাসি, মা।” পাশাপাশি তাঁর ছোট ভাইয়ের খেয়াল রাখার অনুরোধ করেন। বারবার ফোন করেও মেয়ের সাড়া না পেয়ে তিনি এক বন্ধুকে ফ্ল্যাটে গিয়ে খোঁজ নিতে বলেন। পরে পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে, একটি শাড়ি ও একটি মই ঘরের মধ্যে পড়ে রয়েছে। কোমালির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সন্দেহজনক মৃত্যু বিবেচনা করে পুলিশ একটি মামলা দায়ের করেছে। মোবাইল ফোনের কল রেকর্ড, মেসেজ, ডিজিটাল ডেটা এবং বন্ধু-প্রতিবেশীদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যার পেছনে কোনও প্ররোচনা বা অন্য কোনও কারণ ছিল কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারী দল।
কোমালি ইউটিউবে লাইফস্টাইল, ডেইলি ভ্লগ এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে ভিডিও বানাতেন। সম্প্রতি তাঁর তৃমুলা পদযাত্রার ভিডিও ভাইরাল হয়েছিল। তিনি ব্যক্তিগত এক মানত পূরণ করতে পাহাড়ের মন্দিরে হেঁটে উঠেছিলেন। সেটিই তাঁর শেষ পোস্ট।
