আজকাল ওয়েবডেস্ক: কম্পিউটারে দিনরাত টাইপ করতে করতে হাত ব্যথা করত যুবকের। চাকরি থেকে রেহাই পেতে চরম পদক্ষেপ করলেন তিনি। নিজেই নিজের বাঁ হাতের আঙুল কাটলেন। তবে পুলিশকে তিনি জানিয়েছিলেন, তাঁর আঙুল কেউ কেটে নিয়ে গিয়েছিলেন। তদন্তে নেমেই পুলিশ জানতে পারে, ৩২ বছর বয়সি যুবক নিজের আঙুল নিজেই কেটেছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে। শনিবার পুলিশের জানিয়েছে, যুবকের নাম ময়ূর। পুলিশকে তিনি জানিয়েছিলেন, রাস্তার ধারে তিনি অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। জ্ঞান ফিরতেই দেখেন, তাঁর বাঁ হাতের চারটি আঙুল কেউ কেটে নিয়ে গেছেন। তাঁর সন্দেহ, কেউ কালোজাদু করতে আঙুল কেটে নিয়ে যান।
যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারা। গুজরাটের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তদন্তে নেমে জানতে পারে, ময়ূর কম্পিউটার অপারেটর হিসেবে নিজের আত্মীয়ের কোম্পানিতে কাজ করতেন। কিন্তু এই চাকরিতে অতিরিক্ত খাটনি হত। দিনরাত টাইপ করতে করতে হাতে ব্যথা করত। এদিকে আত্মীয়ের কোম্পানি বলে তিনি কাজে আপত্তিও জানাতে পারতেন না। কাজ থেকে তাঁকে যাতে বাদ দেওয়া হয়, তার জন্যেই নিজের আঙুল কেটে ফেলেন।
রাস্তার ধারে ধারাল ছুরি দিয়ে নিজের আঙুল কেটে, একটি ব্যাগে ভরে সেটি দূরে একটি জঙ্গলে ফেলে দিয়েছিলেন। এরপর রাস্তার ধারে জ্ঞান হারানোর অভিনয় করেন। ইতিমধ্যেই যুবকের আঙুল ভরা ব্যাগটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত এখনও জারি রেখেছে পুলিশ।
















