আজকাল ওয়েবডেস্ক:‌ বিপাকে গৌতম গম্ভীর। সময়টা একেবারেই ভাল যাচ্ছে না টিম ইন্ডিয়ার হেড কোচের। একে তো নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারতে হয়েছে। এখন আবার গম্ভীরের বিরুদ্ধে একটি পুরনো প্রতারণার অভিযোগের নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লির আদালত। অভিযোগ, ফ্ল্যাট সংক্রান্ত প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন গম্ভীর।


প্রসঙ্গত, ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছিল রুদ্র বিল্ডওয়েল রিয়েলটি প্রাইভেট লিমিটেড, এইচ আর ইনফ্রাসিটি প্রাইভেট লিমিটেড এবং ইউ এম আর্কিটেকচার্স অ্যান্ড কন্ট্রাক্টর্স লিমিটেড নামে তিনটি নির্মাণ সংস্থার বিরুদ্ধে। এর মধ্যে দু’টি সংস্থার ডিরেক্টর গম্ভীর। সংস্থাগুলির যৌথ প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন গম্ভীর। ফ্ল্যাটের ক্রেতাদের একাংশ বিক্রেতাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছিলেন। সেই মামলায় বিশেষ আদালতের বিচারক বিশাল গগনে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন।


জানা গেছে, ২০১১ সালের ২৯ জুন থেকে ২০১৩ সালের ১ অক্টোবর পর্যন্ত রুদ্র বিল্ডওয়েল রিয়েলটি প্রাইভেট লিমিটেডের অতিরিক্ত ডিরেক্টর ছিলেন গম্ভীর। এই সময় সংস্থার সঙ্গে গম্ভীরের কী কী আর্থিক লেনদেন হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন বিচারক। এমনকী বিচারক এও জানিয়েছেন, ‘‌বিনিয়োগকারীদের সরাসরি আকৃষ্ট করার একমাত্র মাধ্যম ছিলেন গম্ভীর।’‌ এমনকী গম্ভীর ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দেওয়ার পরও কেন তাঁকে দফায় দফায় বিপুল টাকা দিয়েছিল সংস্থাটি, তারও উত্তর চেয়েছেন বিচারক গগনে।