আজকাল ওয়েবডেস্ক: আফ্রিকা থেকে ফের ভারতে এল চিতা। এবার চারটি চিতা আনা হয়েছে। যার দুটি পুরুষ ও দুটি মহিলা। চিতাগুলিকে রাখা হয়েছে বেঙ্গালুরুর বানারঘাট্টা বায়োলজিক্যাল পার্কে। জানা গেছে শনিবার ভোররাতে বিশেষ বিমানে দক্ষিণ আফ্রিকা থেকে চিতাগুলি আসে ভারতে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, চিতাগুলিকে বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। আপাতত কোয়ারেন্টাইন জোনে রাখা হয়েছে চিতাগুলিকে। আগামী ৩০ দিন তারা এভাবেই থাকবে। কোয়ারেন্টাইনে থাকাকালীন পশু চিকিৎসকরা সর্বক্ষণ চিতাগুলিকে পর্যবেক্ষণে রাখবেন। নতুন পরিবেশ, আবহাওয়া এবং খাদ্যাভ্যাসের সঙ্গে মানিয়ে নিতেই এই পর্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পার্কের আধিকারিকরা। 


প্রসঙ্গত, দেশে চিতা প্রায় বিলুপ্তির পথে। এই পরিস্থিতিতে ২০২২ সালে শুরু হয় প্রোজেক্ট চিতা বা চিতা প্রকল্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে এই প্রকল্পের আওতায় এর আগে নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে একাধিক চিতা আনা হয়েছিল। রাখা হয়েছিল মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে। এবার কর্নাটকের বানারঘাট্টা পার্কে চিতা আনার মাধ্যমে প্রকল্পের ভৌগোলিক বিস্তার আরও বাড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

কর্নাটক সরকারের এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ এই প্রকল্পের মাধ্যমে শুধু চিতার সংরক্ষণ নয়, তাদের প্রজনন, গবেষণা এবং দীর্ঘমেয়াদে বাঘের জনসংখ্যা বৃদ্ধির দিকেও জোর দেওয়া যাবে। বিশেষজ্ঞদের মতে, দেশের বিভিন্ন উপযুক্ত আবাসস্থলে ধাপে ধাপে চিতা ছড়িয়ে দিতে পারলে ভবিষ্যতে দেশে চিতা বাঘের সংখ্যা বাড়বে।

শনিবার ভোররাতে যে চারটি চিতা এসেছে সেগুলি আফ্রিকার দ্রুতগামী উপপ্রজাতির অন্তর্গত। মূলত তৃণভূমি ও খোলা প্রাকৃতিক পরিবেশে বসবাস করতে অভ্যস্ত। নতুন পরিবেশে তাদের অভিযোজন প্রক্রিয়া সফল হলে ভবিষ্যতে আরও চিতা ভারতে আনার পরিকল্পনাও রয়েছে বলে সূত্রের খবর। 

এই পদক্ষেপকে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।