আজকাল ওয়েবডেস্ক: একই গাছ থেকে ঝুলছে বাবা-ছেলের দেহ। এক দড়িতে ঝুলে আত্মঘাতী হয়েছেন দু'জনে। মকর সংক্রান্তির আগে এমন দৃশ্য দেখে রীতিমতো শিউরে উঠলেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানতে পারল, একটি স্মার্টফোনকে কেন্দ্র করে অশান্তির জেরেই কয়েক ঘণ্টার তফাতে আত্মঘাতী হয়েছেন বাবা ও ছেলে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নান্দেদ জেলার মিনাকী এলাকায়। পুলিশকে পরিবারের তরফে জানানো হয়েছে, দশম শ্রেণির পড়ুয়া মকর সংক্রান্তি উপলক্ষে বাড়িতে এসেছিল। পড়াশোনার কারণে বাবার কাছে একটি স্মার্টফোন চেয়েছিল। পড়ুয়ার বাবা পেশায় একজন কৃষক ছিলেন। আর্থিক অনটনের কারণে ছেলেকে স্মার্টফোন কিনে দিতে অপারগ বলে জানিয়েছিলেন তিনি। চাষের জন্য ঋণ নিয়ে শোধ করতেই হিমশিম খাচ্ছিলেন তিনি। এর মধ্যে স্মার্টফোন কিনে দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন।
পড়ুয়ার মা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই স্মার্টফোনের জন্য আবদার করছিল সে। বুধবার সন্ধেতেও স্মার্টফোন কিনে দেওয়ার জন্য অশান্তি করেছিল। বাবার মুখে 'না' শুনে, বাড়ি থেকে পালিয়ে যায় ছোট ছেলে। বৃহস্পতিবার ভোরে তাকে খুঁজতে বের হন বাবা। বাড়ির অদূরে একটি গাছে ছেলের ঝুলন্ত দেহ দেখে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। তখনই গাছে সেই দড়িতে ঝুলে আত্মঘাতী হন।
গ্রামবাসীরা বাবা-ছেলের ঝুলন্ত দেহ দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে দেহ দু'টি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনাটি ঘিরে তদন্ত জারি রয়েছে।
















