আজকাল ওয়েবডেস্ক: প্রেমের সম্পর্ক পরিণতি পায়নি। তাই পথের কাঁটা সেই স্বামীই। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে আরেকটি ভয়ঙ্কর খুনের ঘটনা মধ্যপ্রদেশে। স্ত্রীর পরকীয়ার জেরে নির্মমভাবে খুন হলেন স্বামী। তিন মাস পর মাটির তলা থেকে উদ্ধার হল কঙ্কাল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই নিখোঁজ ছিলেন ২৬ বছরের ওই যুবক। সম্প্রতি মাটি খুঁড়ে তাঁর কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনা জেলায়। তদন্ত করে পুলিশ জানতে পারে, প্রেমিকের পরামর্শ নিয়েই স্বামীকে খুন করার পরিকল্পনা করেন স্ত্রী। এরপর মাটির তলায় স্বামীর দেহ লুকিয়ে রেখেছিলেন তাঁরা। তিন মাস পর অবশেষে তাঁদের কেচ্ছা ফাঁস হল।
পুলিশ আরও জানিয়েছে, মৃত যুবকের নাম, বিপীন কুমার যাদব। গত মার্চ মাসে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন বলে থানায় অভিযোগ জানান তাঁর বাবা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, বিপীনের স্ত্রী আঁচল যাদব সুনীল নামের আরেক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। বিয়ের আগে থেকেই সুনীলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আঁচলের। বিয়ের পর দু'জনে মিলে বিপীনকে খুনের পরিকল্পনা করেন।
জানা গিয়েছে, খুনের আগে বিপীনের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন সুনীল। সেই সময়েই তিনি ও তাঁর এক বন্ধু মিলে বিপীনকে খুন করেন। এরপর দেহটি কুয়োয় ফেলে দেন। গ্রেপ্তারির আশঙ্কায় কুয়ো থেকে দেহ তুলে দূরে মাটির তলায় পুঁতে রেখেছিলেন।
তদন্তের শুরুতেই পুলিশ জানতে পারে, ওই গ্রামের বাসিন্দা সুনীলের সঙ্গে আঁচলের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। একটানা জেরার পর দু'জনেই খুনের ঘটনাটি স্বীকার করেন। কিন্তু দেহ কোথায় লুকিয়ে রেখেছিলেন, তা ঘিরে বারবার ভুল তথ্য দিয়েছিলেন পুলিশকে। অবশেষে খুনের তিনমাস পর বিপীনের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি আঁচল ও সুনীলকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।















