আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় যখন তোলপাড় গোটা দেশ, সেই আবহেই ফের চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটল দিল্লিতে। কর্তব্যরত অবস্থায় এক চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠেছে রোগী ও তাঁর পরিবারের বিরুদ্ধে। হাসপাতালের মধ্যে চিকিৎসককে গালিগালাজ ও চড় মারার অভিযোগ উঠেছে। 

 

শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির ডক্টর হেজওয়ার হাসপাতালে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাত দেড়টা নাগাদ মাথায় চোট নিয়ে ওই রোগী হাসপাতালে আসেন। সেই সময় ক্রিটিক্যাল কেয়ারে কর্তব্যরত অবস্থায় ছিলেন চিকিৎসক। রোগীর মাথায় প্রথম স্টিচ দেওয়ার পর পরেরটি দেওয়ার তোড়জোড় করছিলেন। সেই সময়ে আচমকা ওই রোগী তাঁকে ধাক্কা দিয়ে গালিগালাজ করতে শুরু করেন। 

 

চিকিৎসক জানিয়েছেন, রুমের বাইরে দাঁড়িয়েছিলেন রোগীর ছেলে। হঠাৎ তিনিও ঢুকে গালিগালাজ করতে শুরু করেন। আচমকা তাঁকে থাপ্পড় মারেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়েছে। চিকিৎসক পুলিশকে জানিয়েছেন, ওই রোগী মত্ত অবস্থায় হাসপাতালে এসেছিলেন। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করেছে দিল্লি পুলিশ। একাধিক ধারায় মামলাও রুজু করা হয়েছে রোগী এবং তাঁর আত্মীয়দের বিরুদ্ধে। 

 

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১২ আগস্ট থেকে কর্মবিরতিতে ছিলেন জুনিয়র চিকিৎসকরা। সুপ্রিম কোর্টের আশ্বাসের পর ২৩ আগস্ট থেকে দিল্লির শতাধিক চিকিৎসক কাজে ফিরেছেন। এর দিন কয়েকের মধ্যেই ফের চিকিৎসককে হেনস্থার ঘটনা ঘটল।