আজকাল ওয়েবডেস্ক: রাধা গায়ত্রী। দিল্লির তথ্যপ্রযুক্তি কর্মী। স্বামীর সঙ্গে মুসৌরিতে গিয়েছিলেন, মধুচন্দ্রিমায়। সেখানেই উদ্ধার রাধার দেহ। ঘটনাপ্রসঙ্গে, মঙ্গলবার পুলিশ জানিয়েছে, উত্তরাখণ্ডের মুসৌরির একটি হোমস্টে থেকে ২৭ বছর বয়সী ওই যুবতীর দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে পি রাধা, তাঁর স্বামী সৌম্য শ্রীচরণের সঙ্গে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। আগের দিন দিল্লি থেকে ঋষিকেশ হয়ে ভ্রমণের পর ১৪ জুন গভীর রাতে গায়ত্রী ও তাঁর স্বামী টিপরিধার (বা টিপরি ধর) এলাকার ‘কিয়ানা হোমস্টে’-তে পৌঁছন। সোমবার সকালে ওই হোটেল থেকে গায়ত্রীর বিবস্ত্র, রক্তাক্ত দেহ উদ্ধার হয়। 

ঘটনা প্রসঙ্গে রাধার স্বামী দাবি করেছেন, রবিবার প্রায় ভোর রাত পর্যন্ত স্বামী-স্ত্রী মদ্যপান করেন। রাত তিনটে পর্যন্ত মদ্যপানের পর, প্রায় সাড়ে তিনটে নাগাদ তাঁরা ঘুমোতে যান। তাঁর দাবি, সকেল ঘুম ভাঙার পর তিনি স্ত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মদের বোতল উদ্ধার হয়েছে। পুলিশ খবর পেয়েই সেখানে পৌঁছয়, পৌঁছয় অ্যাম্বুলেন্সও। যদিও সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, অ্যাম্বুলেন্সের সঙ্গে যে ফার্মাসিস্ট ঘটনাস্থলে গিয়েছিলেন, তিনি সেখানেই যুবতীকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মেঝের ঠিক যে অংশে রাধার দেহ উদ্ধার হয়েছে, সেখানে চারপাশে রক্তের দাগ ছিল, প্রস্রাবও ছিল বলে উল্লেখ করেছে পুলিশ।

রাধা এবং শ্রীচরণের বিয়ে হয় ৮ নভেম্বর, ২০২৫-এ। তাঁরা দু'জনেই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি দেরাদুনের করোনেশন হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ অনুরোধ জানিয়েছে যেন চিকিৎসকদের একটি প্যানেল দিয়ে ময়নাতদন্তটি সম্পন্ন করা হয় এবং পুরো প্রক্রিয়াটি ক্যামেরায় ধারণ করা হয়।