আজকাল ওয়েবডেস্ক : ফের একবার ধোঁয়াশার চাদরে মুখ ঢাকল দিল্লি। দশেরা উপলক্ষ্যে দিল্লির বিভিন্ন প্রান্তে রাবণ দহনের ব্যবস্থা করা হয়েছিল আর তাতেই ঘটে বিপত্তি। দৃশ্যমানতা কমার পাশাপাশি গোটা দিল্লি এখন ধোঁয়ার অতল চাদরে। সামনেই দীপাবলি। তার আগে দিল্লির এই পরিস্থিতি রীতিমতো চিন্তায় ফেলেছে পরিবেশবিদদের। দশেরা উপলক্ষ্যে গোটা দেশেই রাবণ দহনের ব্যবস্থা করা হয়েছিল।দিল্লিও তার ব্যতিক্রম ছিল না। তবে তার রেশ যে টানা তিনদিন ধরে চলবে তা বোধহয় ভাবতে পারেনি কেউই। দিল্লির বিভিন্ন রাস্তায় গাড়ির গতি অতি শ্লথ। বিগত মাসেই দিল্লিতে সবধরনের বাজি তৈরি, সংরক্ষণ, বিক্রি এবং ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সেখানকার সরকার। কিন্তু তাতে যে কাজের কাজ কিছুই হয়নি তা একরকম স্পষ্ট। গাজিয়াবাদ, ফরিদাবাদ, গুরগাঁও, নয়ডা, গ্রেটার নয়ডা সর্বত্রই ধরা পড়েছে একই চিত্র।দূষণের মাত্রা বেড়ে যাওয়ার ফলে অনেকটা সমস্যার পড়েছে দিল্লির ট্রাফিক পুলিশও। ধীরগতির গাড়ি সামলাতে তাদের প্রাণ ওষ্ঠাগত। দীপাবলির পর শীত আসবে। তখন দিল্লির পথে দৃশ্যমানতা আরও খারাপ হবে। তাই এখন থেকেই সমস্ত ধরনের জঞ্জাল জ্বালানির ওপর নজর রাখতে শুরু করেছে দিল্লি প্রশাসন। দৃশ্যমানতা কমে গেলে রাস্তায় যে কোনও ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই আগে থেকেই সতর্ক প্রশাসন।
ধোঁয়াশার চাদরে দিল্লি
















