আজকাল ওয়েবডেস্ক: আজকের দিনে গন্তব্যে দ্রুত পৌঁছতে অধিকাংশ মানুষই ভরসা করেন Google Maps-এর উপর। কোথায় রাস্তা ফাঁকা, কোথায় যানজট, কোন পথে গেলে কম সময় লাগবে—সবকিছুই মুহূর্তের মধ্যে জানিয়ে দেয় এই জনপ্রিয় নেভিগেশন অ্যাপ। কিন্তু কখনও কি ভেবেছেন, এখনও যানজট তৈরি না হলেও Google Maps কীভাবে আগে থেকেই বুঝে যায় কোন রাস্তায় ট্র্যাফিক বাড়তে পারে? এর পিছনে রয়েছে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণের প্রযুক্তি।


Google Maps শুধু বর্তমানে রাস্তায় থাকা গাড়িগুলির অবস্থান দেখে সিদ্ধান্ত নেয় না। অ্যাপটি একই সঙ্গে রিয়েল-টাইম তথ্য এবং অতীতের ট্র্যাফিকের ধরণ বিশ্লেষণ করে ভবিষ্যতের যানজটের সম্ভাবনাও অনুমান করে। প্রতিদিনের অফিস টাইম, স্কুল ছুটির সময় কিংবা সপ্তাহান্তে কোন রাস্তায় কতটা ভিড় হয়, সেই তথ্য বহু বছর ধরে সংগ্রহ করে রেখেছে গুগল। AI সেই ঐতিহাসিক তথ্যের সঙ্গে বর্তমান পরিস্থিতি মিলিয়ে সম্ভাব্য ট্র্যাফিকের পূর্বাভাস তৈরি করে।


উদাহরণ হিসেবে বলা যায়, কোনও নির্দিষ্ট রাস্তায় প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টার মধ্যে যানজট হয়। Google Maps এই ধরণটি আগেই জানে। তাই আপনি যদি সেই সময়ের কাছাকাছি ওই পথে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে অ্যাপটি আগেভাগেই বিকল্প রাস্তার পরামর্শ দিতে পারে। তবে শুধু পুরনো তথ্যের উপর নির্ভর করলে সব সময় সঠিক ফল পাওয়া সম্ভব নয়।


ধরুন, কোনও বড় দুর্ঘটনা ঘটল বা হঠাৎ একটি রাস্তা বন্ধ হয়ে গেল। তখন স্বাভাবিকভাবেই গাড়িগুলি অন্য রাস্তায় ঘুরে যাবে এবং ট্র্যাফিকের ধরণ সম্পূর্ণ বদলে যাবে। এই ধরনের অস্বাভাবিক পরিস্থিতি শনাক্ত করতে Google Maps ব্যবহারকারীদের মোবাইল থেকে পাওয়া রিয়েল-টাইম লোকেশন ও গতির তথ্য বিশ্লেষণ করে। ফলে কয়েক মিনিটের মধ্যেই অ্যাপটি নতুন পরিস্থিতি অনুযায়ী রুট পরিবর্তনের পরামর্শ দিতে পারে।


শুধু Google Maps নয়, জনপ্রিয় নেভিগেশন অ্যাপ Waze-ও একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে। তবে Waze আরও এক ধাপ এগিয়ে গিয়ে ব্যবহারকারীর গাড়ির ধরনও বিবেচনা করে। যেমন, মোটরসাইকেল চালক অনেক সময় যানজটের মধ্যে দিয়ে তুলনামূলক দ্রুত এগোতে পারেন, যেখানে একটি গাড়ি আটকে থাকে। সেই তথ্যও Waze সম্ভাব্য পৌঁছানোর সময় নির্ধারণে ব্যবহার করে।


প্রযুক্তি যত উন্নত হচ্ছে, Google Maps-ও তত বেশি নির্ভুল হয়ে উঠছে। নিয়মিত নতুন AI ফিচার যুক্ত হওয়ায় অ্যাপটি এখন শুধু রাস্তা দেখায় না, বরং সম্ভাব্য যানজট, বিকল্প রুট এবং আনুমানিক পৌঁছানোর সময় আরও নির্ভুলভাবে জানাতে পারে। তাই প্রতিদিনের যাতায়াতে Google Maps ব্যবহার করলে সময় বাঁচার পাশাপাশি অপ্রয়োজনীয় যানজটও অনেকটাই এড়িয়ে যাওয়া সম্ভব।

&t=128s