আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন। সংসদে প্রথমবার পা রেখেই ধর্মেন্দ্র প্রধান নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন বিজেপি সাংসদ। কংগ্রেস নেতা জয়রাম রমেশের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য তীব্র বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। তিনি নিজেকে 'স্ট্রিট ফাইটার' হিসাবে ঘোষণা করেন।

 

সোমবার সংসদে 'প্রশ্নফাঁস বিরোধী বিল ২০২৬' পেশ করা হয়। প্রাক্তন শিক্ষামন্ত্রী সংসদে পৌঁছনোর আগেই মকর দুয়ারের সামনে জড় হন এনডিএ সাংসদরা। তাঁকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে যান সাংসদরা। তাঁকে সংহতি জানিয়ে একটি বিশেষ টুপি পরিয়ে সম্মানিত করেন। সেই মুহূর্তেই কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রধানের কাছে এসে তাঁর পদত্যাগ নিয়ে সমবেদনা জানিয়ে বলেন, "এমনটা হয়েই থাকে।" এর উত্তরে প্রধান পাল্টা জবাব দেন। সঙ্গে সঙ্গে বলে ওঠেন, "কিছুই হয়নি। আমি একজন 'স্ট্রিট ফাইটার', এসি ঘরে থাকা কোনও কর্মী নই।"

 

জাতীয় স্তরে নিট-এর প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা ব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভের পরই সম্প্রতি ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। তবে বিজেপি নেতৃত্ব তাদের অবস্থান স্পষ্ট করেছে। জানিয়েছে, এতে রাজনৈতিক মর্যাদহানি হয়নি, বরং 'রাজনৈতিক জবাবদিহি' ও 'জাতীয় স্বার্থে ত্যাগ'। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানের বাসভবনে যান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও দলের সভাপতি নীতিন নবীন তাঁর কাজের প্রশংসা করেন।

 

ওড়িশার প্রভাবশালী এই নেতা আগে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলের দায়িত্ব সফলভাবে সামলেছেন। এখন রাজনৈতিক মহলে জোর জল্পনা, তাঁকে আসন্ন কোনও রাজ্যের বিধানসভা নির্বাচনের বা বড় কোনও সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে।