আজকাল ওয়েবডেস্ক: হঠাৎ চিৎকার। কান্নাকাটি হুলুস্থুল বিমানের ভেতর৷ ভয়ে জড়সড় যাত্রীরা। মুম্বই থেকে দুবাইগামী ইন্ডিগোর একটি বিমানে আচমকাই ধোঁয়া দেখতে পান উড়ানকর্মীরা। এর পর গুজরাটের রাজকোট বিমানবন্দরে তড়িঘড়ি জরুরি অবতরণ করানো হয় বিমানটির।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইন্ডিগোর ৬ই ১৪৫২ বিমানের ১৯৪ জন যাত্রীই অবতরণের পর নিরাপদে নেমে এসেছেন। চালকেরা বিমানের পণ্য রাখার জায়গায় ধোঁয়া দেখতে পেয়েই রাজকোট বিমানবন্দরে বার্তা পাঠান। সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে সম্পূর্ণ জরুরি অবস্থা জারি করা হয়।
রাজকোট বিমানবন্দরের অধিকর্তা দিগন্ত বরা বলেন, "কার্গো হোল্ডে ধোঁয়া দেখা দেওয়ায় বিমানটির জরুরি অবতরণ করানো হয়। বিমানটি নিরাপদে নেমেছে এবং সব যাত্রীই সুরক্ষিত রয়েছেন।"
উল্লেখ্য, বর্তমানে ইন্ডিগো দেশের ভেতরে ৮০টির বেশি এবং বিদেশে ৩০টির বেশি রুটে বিমান চালায়। তাদের হাতে এয়ারবাস এ৩২০, এ৩২১ এবং এটিআর ৭২-৬০০ মানের বিমান রয়েছে।
















