আজকাল ওয়েবডেস্ক: বন্ধুত্ব হয়েছিল ইনস্টাগ্রামে। নিয়মিত কথা বলতে বলতে প্রেমেও পড়ে যায় তারা। বর্ষশেষে দেখা করতে গিয়েই ঘটে বিপত্তি। দশ বছরের নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল ইনস্টাগ্রামের বন্ধু, ১৬ বছর বয়সি কিশোরের বিরুদ্ধে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ৩১ ডিসেম্বরের। গুজরাটের ধানসুরা গ্রামের বাসিন্দা পঞ্চম শ্রেণির ছাত্রী বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। সেদিন সন্ধে থেকে নাবালিকার খোঁজ শুরু করে তার পরিবার। দীর্ঘক্ষণ খোঁজ না পাওয়ায় থানায় অভিযোগ জানায় পরিবার। নাবালিকাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ জানায় তারা।
পরিবারের অভিযোগের ভিত্তিতে খোঁজ শুরু করে পুলিশ। ওই গ্রামেরই পাশের গ্রাম থেকে পরেরদিন নাবালিকা এবং কিশোরকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে, মায়ের ফোন থেকে ওই নাবালিকা ও তার বোন মোট সাতটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছিল। যার মধ্যে একটি থেকে কিশোরের সঙ্গে কথা বলত সে। সমাজমাধ্যমে আলাপ থেকে বন্ধু হয়ে ওঠে তারা। তারপর প্রেমেও পড়ে। ৩১ ডিসেম্বর বাড়ি থেকে পালিয়ে কিশোরের সঙ্গে দেখা করতে গিয়েছিল নাবালিকা।
এ ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ। কিশোরকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
















