আজকাল ওয়েবডেস্ক: হায়দরাবাদের একটি রাস্তার নাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা নিয়ে এবার শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডির এই সিদ্ধান্তের বিরুদ্ধে একযোগে সরব হয়েছে বিজেপি এবং সিপিআই(এম)। মার্কিন কনসুলেটের সংলগ্ন ওই রাস্তাটির নাম 'ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ' রাখায় রাজ্যের কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেছেন বাম নেতৃত্ব।
এই পদক্ষেপের কড়া নিন্দা করে সিপিআই(এম) নেতা এম এ বেবি ডোনাল্ড ট্রাম্পকে 'মানবতার বিরুদ্ধে সাম্রাজ্যবাদী যুদ্ধের বর্তমান মুখ' বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে তিনি কলকাতার একটি ঐতিহাসিক ঘটনার কথাও মনে করিয়ে দিয়েছেন। তিনি উল্লেখ করেন, ভিয়েতনাম যুদ্ধের সময় কলকাতার মার্কিন কনসুলেটের সামনের হ্যারিংটন স্ট্রিটের নাম বদলে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে 'হো চি মিন সরণি' রাখা হয়েছিল। অথচ আজ হায়দরাবাদে সম্পূর্ণ বিপরীত ছবি দেখা যাচ্ছে। এম এ বেবি কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করার এবং সিদ্ধান্তটি বাতিল করার দাবি জানিয়েছেন। তাঁর মতে, মুখে সাম্রাজ্যবাদ বিরোধী ঐতিহ্যের কথা বললে হবে না, তা কাজেও করে দেখাতে হবে।
অন্যদিকে, এই ইস্যুতে সুর চড়িয়েছে বিজেপিও। তেলেঙ্গানার কংগ্রেস সরকারকে নিশানা করে তারা এই সিদ্ধান্তকে 'দাসত্ব মানসিকতার' বহিঃপ্রকাশ বলে কটাক্ষ করেছে। যদিও প্রশাসনের একাংশের দাবি, হায়দরাবাদকে একটি গ্লোবাল হাব বা আন্তর্জাতিক স্তরের শহর হিসেবে তুলে ধরতেই এই নামাকরণ, কিন্তু রাজনৈতিক মহলে এটি নিয়ে বিতর্ক কোনোভাবেই থামছে না। সব মিলিয়ে, ট্রাম্পের নামে রাস্তার নামকরণকে কেন্দ্র করে এখন রীতিমতো সরগরম জাতীয় রাজনীতি।















