আজকাল ওয়েবডেস্ক: সোমবার ইন্ডিয়া জোটের মহাবৈঠকের ঠিক আগেই বিরোধী শিবিরে বড়সড় অস্বস্তি তৈরি করল সিপিআই(এম)। কেরল বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে রাহুল গান্ধী ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের করা কিছু মন্তব্যের তীব্র বিরোধিতা করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে একটি কড়া চিঠি লিখেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি।
সূত্রের খবর, কেরলের ভোটপ্রচারে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল যে সিপিআই(এম) এবং বিজেপি পর্দার আড়ালে সমঝোতা করেছে। এমনকি কেরলের তৎকালীন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে ইডি তথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে পদক্ষেপ করানোর দাবিও তুলেছিলেন কংগ্রেস নেতারা। চিঠিতে এম এ বেবি ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, নির্বাচনের সময় কংগ্রেস নেতৃত্ব বামেদের বিরুদ্ধে এক পরিকল্পিত কুৎসা অভিযান চালিয়েছিল। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে কংগ্রেস নেতাদের এমন বারবার সরব হওয়া এবং ইডি ডাকার দাবি তোলার বিষয়টি আদতে বিরোধী ঐক্যের সুরক্ষাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়।
চিঠিতে সাফ জানানো হয়েছে, এই বিষয়গুলি যদি খাড়গে ও কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট না করেন, তবে জাতীয় স্তরে তৈরি হওয়া ইন্ডিয়া জোটের মূল উদ্দেশ্য নিয়েই জনমনে প্রশ্ন উঠে যাবে। তবে জোটের অন্দরে এই টানাপোড়েন চললেও, সংসদে মোদি সরকারের স্বৈরাচারী, সাম্প্রদায়িক এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে সিপিআই(এম) সবসময় পাশে থাকবে এবং সহযোগিতা বজায় রাখবে বলেও চিঠিতে পুনর্ব্যক্ত করেছেন তিনি।
কেরল নির্বাচনের পর জোটের অন্যতম প্রধান শরিকের এই চিঠি দিল্লির আসন্ন বৈঠকে বাড়তি চাপ তৈরি করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।















