আজকাল ওয়েবডেস্ক: বর্ষবরণের রাতে গান চালানোকে কেন্দ্র করে বচসা। আর তার জেরেই দানা বেঁধেছিল রহস্য। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল অভিযুক্ত পলাতক ছিল। এক বছরেরও বেশি সময় ধরে পলাতক ২৪ বছরের এক যুবককে অবশেষে গ্রেপ্তার করল পালঘর পুলিশ।
২০২৫-এর ১ জানুয়ারি ভোরে থানের কাশিমীরা এলাকায় ওই খুনের ঘটনাটি ঘটেছিল। পুলিশ জানিয়েছে, বন্ধুদের সঙ্গে নাচ-গান করার সময় স্থানীয় এক ব্যক্তির সঙ্গে গান বাছা নিয়ে ঝামেলা শুরু হয় রাজা পরিয়ার ও তাঁর সঙ্গীদের।
অভিযোগ, এর পরেই দলবল নিয়ে চড়াও হয় ওই ব্যক্তি। লাঠিসোঁটার ঘায়ে প্রাণ হারান রাজা। গুরুতর জখম হন তাঁর দুই বন্ধু। ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়ে ছিল অন্যতম অভিযুক্ত ওই যুবক। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সে।
অন্যদিকে, সোমবার ভোরে ঘুমের ঘোরেই দুষ্কৃতী হামলার মুখে পড়লেন মহারাষ্ট্রের পালঘর জেলার এক প্রৌঢ়। পুলিশ জানিয়েছে, ৫২ বছর বয়সি সুরেশ ভরঘাড়ের বাড়িতে ঢুকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় এক আততায়ী। গুরুতর জখম অবস্থায় ওই প্রৌঢ় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে পালঘর তহশিলের মাধভে গ্রামে, রাত আড়াইটে নাগাদ। পুলিশের দাবি, বেটেগাঁওয়ের বাসিন্দা উমেশ ঘাড়াত আচমকাই সুরেশবাবুর ঘরে ঢুকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হামলা চালায়। গুলির শব্দে গোটা গ্রাম সজাগ হওয়ার আগেই চম্পট দেয় অভিযুক্ত।
পালঘরের পুলিশ সুপার যতিশ দেশমুখ জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতা ও অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। তবে উমেশ এখনও পলাতক। পুরনো শত্রুতা না কি অন্য কোনও বিবাদ- হামলার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
