আবু হায়াত বিশ্বাস: যুযুধান সব দল প্রচার শুরু করলেও প্রার্থী ঘোষণা না হওয়ায় প্রচারে কিছুটা পিছিয়ে কংগ্রেস। তবে কাল থেকেই প্রচারে ঝড় তুলতে চলেছে কংগ্রেস। বাংলার বিধানসভা নির্বাচনের প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষ। কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশিত হবে তালিকা। শনিবার বিকেলে দিল্লির ২৪, আকবর রোডে কংগ্রেস দপ্তরে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ২৯৪ আসনে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং প্রার্থী তালিকায় অনুমোদন দিয়েছেও সিইসি।
এদিনের বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, কেসি বেণুগোপালরা উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, অধীর চৌধুরি, পশ্চিমবঙ্গ কংগ্রেসের ইন-চার্জ গোলাম আহমেদ মীর ছাড়াও সিইসি-র সদস্যরা ছিলেন। সূত্রের খবর, প্রার্থী তালিকায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সিইসি। যে কোনও সময় বাংলার কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক শেষে বাংলা কংগ্রেসের ইন-চার্জ গোলাম আহমেদ মীর জানান,‘সিইসি বৈঠকে এদিন ২৯৪ আসনের প্রার্থী নিয়ে আলোচনা হয়েছে। প্রার্থী পদের জন্য মোট ২৫০০ আবেদন জমা পড়েছিল। ৮ আসন বাদে সব আসনেই শিগগিরই প্রার্থী ঘোষণা হয়ে যাবে। ৮ আসনে আরও বিস্তারিত আলোচনার পর প্রার্থীর নামে চূড়ান্ত সিলমোহর পড়বে।
&t=1sকংগ্রেস আগেই জানিয়েছে, নির্বাচনে এককভাবে লড়াই করবে। তবে সূত্রের খবর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, বীরভূম সহ বেশ কিছু জেলায় বিশেষ নজর দিচ্ছে দল। দলের প্রাক্তন বিধায়কদের পাশাপাশি লড়াকু নেতাদের টিকিট দিতে চলেছে। বহরমপুরে অধীর চৌধুরি লড়ছেন। কংগ্রেস চাইছে, দলের লড়াকু নেতারা বিধানসভা ভোটে লড়ুক। দলের বক্তব্য, রাজ্যের কংগ্রেস কর্মী-সমর্থকদের চাওয়াকেই প্রাধান্য দিয়ে একক শক্তিতে লড়াইয়ে নামছে দল। জানা গিয়েছে, আগামী মাসেই বাংলায় ভোট প্রচারে যাবেন রাহুল, প্রিয়াঙ্কা সহ দলের শীর্ষ নেতারা।
কেরলের ভোট মিটলেই বাংলায় ঝাঁপিয়ে পড়বেন দলের নেতারা। ইতিমধ্যেই বিজেপি, তৃণমূল, সিপিএম ভোট প্রচারে নেমে পড়েছে। প্রার্থী বাছাইয়ের কাজে বিলম্ব হওয়ায় অন্য দলগুলির তুলনায় ভোট প্রচারে কিছুটা পিছিয়ে হাত শিবির। তবে প্রার্থী ঘোষণা শনিবার রাতেই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে রবিবার থেকে প্রচারে নেমে পড়বেন বাংলার কংগ্রেস নেতারা।















