আজকাল ওয়েবডেস্ক: কেরলের ওয়ানাডে গত বছরের ভূমিধসে ক্ষতিগ্রস্তদের ঋণ মাফ না করে তা পুনর্গঠন ও পুনঃনির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেরল হাইকোর্টে দায়ের করা হলফনামায় এই তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রক।

এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সাধারণ সম্পাদক ও ওয়ানাডের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তিনি এক্স-এ  পোস্ট করে বলেন, "এটা সাহায্য নয়, এটা বিশ্বাসঘাতকতা। আমরা এই অসংবেদনশীলতার তীব্র নিন্দা জানাই এবং ওয়ানাডবাসীর পাশে আছি।"

প্রসঙ্গত, ২০২৪ সালের ৩০ জুলাই মুণ্ডক্কাই ও চুরালমালায় ধ্বংসাত্মক ভূমিধস হয়। ২০০-র বেশি মানুষের মৃত্যু হয়, বহু ঘরবাড়ি ও জীবিকা ধ্বংস হয়, এখনও নিখোঁজ ৩২ জন।

কেন্দ্র জানিয়েছে, আরবিআই-এর ‘ন্যাচারাল ক্যালামিটি ডিরেকশনস’ অনুযায়ী এক বছরের ঋণ স্থগিতাদেশ ও পুনর্গঠনের ব্যবস্থাই নেওয়া হবে।

প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগ, "সব হারিয়েছে মানুষ, অথচ ঋণ মাফ নয়—এটা অন্যায়। আমরা প্রতিটি মঞ্চে এই আওয়াজ তুলে যাবো, যতক্ষণ না সুবিচার হয়।"