আজকাল ওয়েবডেস্ক: দেশের শিক্ষাব্যবস্থায় আমূল বদল এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আন্দোলন শুরু হয়েছে। এই ঘটনা এখন দেশজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। 

বিক্ষোভ সামাল দিতে প্রশাসনও কঠোর রূপ নিয়েছে। বিক্ষোভকারীদের হটাতে পুলিশ একযোগে লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করেছে। সংঘর্ষের একাধিক ছবি ও ভিডিও ইতিমধ্যেই ছেয়ে গেছে নেটপাড়ায়। 

এর মধ্যেই ছড়িয়ে পড়া একটি বিশেষ ভিডিও ঘিরে জল্পনা তুঙ্গে, যেখানে দেখা যাচ্ছে এক আহত পুলিশকর্মীকে শুশ্রূষা করছেন খোদ আন্দোলনকারীরাই। (তবে এই ভিডিওর সত্যতা আজকাল ডট ইন যাচাই করেনি।) 

ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, মাটিতে শুয়ে রয়েছেন এক আহত পুলিশকর্মী। তাঁকে ঘিরে রয়েছেন কয়েকজন বিক্ষোভকারী। এক তরুণ বড় একটি বোর্ড হাতে তাঁকে বাতাস করছেন, অন্য আর এক তরুণকে বলতে শোনা যায়, “যে পুলিশ আমাদের ওপর লাঠি চালিয়েছে, এখন আমরাই তাদের বাঁচানোর চেষ্টা করছি, তাদের সেবা করছি।” তবে ঘটনাটি ঠিক কবে এবং কোথায় ঘটেছে, ভিডিও দেখে তা নিশ্চিত হওয়া যায়নি।

‘পারভেজ় ৩৬ রাইডার’ নামের এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই ভিডিও ইতিমধ্যেই দেখেছেন কয়েক কোটি মানুষ। 

প্রায় সাড়ে আট লাখের বেশি লাইক জমা পড়েছে তাতে, কমেন্টের বন্যাও বইছে। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, “এটাই প্রকৃত মানবতা।” আবার অন্য এক ক্ষুব্ধ ব্যবহারকারীর মন্তব্য, “সুস্থ হলেই এই পুলিশকর্মীরা আবার ছাত্রদের ওপর লাঠি চালাতে পিছপা হবেন না।” 

যদিও একাংশ পুলিশের প্রতি সহানুভূতি জানিয়ে লিখেছেন, তারা শুধুই ওপরতলার নির্দেশ পালন করছেন, তাই সব ক্ষোভ তাদের ওপর ঢালা ঠিক নয়।