আজকাল ওয়েবডেস্ক: শেষ হল কেন্দ্র এবং সিজেপি-র প্রতিনিধিদলের বৈঠক। সিজেপি-র প্রতিনিধি আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস-এর বৈঠক শেষে জানান, তাঁদের তিনটি দাবির মধ্যে দু'টি দাবি পূরণের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীদের প্রতিনিধিদল। অন্য দিকে, বৈঠককে ইতিবাচক বলে দাবি কেন্দ্রের। 

এ দিন দু'পক্ষের বৈঠক চলল দু'ঘন্টাব্যাপী। বৈঠক শেষে, সিজেপি-র প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা জানান, নি প্রশ্নফাঁসের কারণে যাঁরা আত্মহত্যা করেছেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর ও আইনি পদক্ষেপ অবিলম্বে প্রত্যাহারের দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রের প্রতিনিধিদল। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে ফের বৈঠক হবে শনিবার। আগামীকাল ২টোর সময় কেন্দ্রের তরফে সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। 

দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, "শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মূল দাবির বিষয়ে চূড়ান্ত জবাব দেওয়ার জন্য শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে সরকার।"

অন্য দিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠককে "সৌহার্দ্যপূর্ণ" বলে জানিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন যে, আন্দোলনকারীদের তিনটি মূল দাবি এবং পরীক্ষা সংস্কারের জন্য পাঁচটি পরামর্শ ছিল। আন্দোলনকারীদের জানানো হবে যে শনিবার দুপুরে ফের বৈঠক হবে।

উল্লেখ্য, মাসব্যাপী চলা ছাত্রআন্দোলনকে প্রশমিত করতে তৎপর হয়েছে কেন্দ্র। গত ২০ জুলাই দিল্লিতে আন্দোলনকারীদের 'সংসদ চলো' অভিযানের দিন যন্তর মন্তরে ব্যাপক হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

গতকাল রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রশ্নফাঁসের বিরুদ্ধে কড়া ব্যবস্থার প্রতিশ্রুতি দেন। এর পরপরই কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রশ্নফাঁস রুখতে এবং অভিযুক্তদের কঠোর শাস্তির বিধান রেখে শনিবার একটি নতুন বিল অনুমোদন করা হয়েছে।