আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এরপর কয়েক কয়েক ঘণ্টা পরেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির। 

 

আজ, শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং-এর সঙ্গে তৃতীয় দফা বৈঠক ছিল ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের। যদিও এই বৈঠকের আগেই ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেন। এরপরেই কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তৃতীয়বার বৈঠকে যোগ দেন ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস ও জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। 

 

নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তর চত্বরে ৩৬ দিন ধরে এই আন্দোলন চলেছে। জেন-জিদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে রাজধানী। দেশজুড়ে পড়ুয়াদের পাশাপাশি ককরোচ জনতা পার্টিও আন্দোলনে সক্রিয় ভূমিকা নেয়। তাদের পাশে দাঁড়ান বিরোধী দলের নেতারাও। সোনম ওয়াংচুকও ককরোচ জনতা পার্টির এই আন্দোলনে যোগ দেন। 

 

বিজেপির তরফে ঘোষণা করা হয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার পাশাপাশি, তাঁদের মূল তিনটি দাবি পূরণ করেছে কেন্দ্রীয় সরকার। দিল্লি-সহ গোটা দেশে যত পড়ুয়ার বিরুদ্ধে আন্দোলন করার জন্য মামলা হয়েছে, সেই সব মামলা তুলে নেওয়া এবং নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর যে সব ছাত্রছাত্রী আত্মহত্যা করেছেন, তাঁদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা আর্থিক সাহায্য দিতে হবে। সিজেপির এই তিন দাবিই মেনে নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। এরপরই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি। যন্তর মন্তর চত্বর থেকে সব আন্দোলনকারীদের ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।